প্রতিভা পারভেজ
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজস্ব পার্মানেন্ট ক্যাম্পাসে ক্লাস শুরু করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাজধানীর ব্যস্ত নগরীর কোলাহল থেকে কিছুটা দূরে, সবুজের সমারোহে মোড়ানো মুগদার মান্ডা গ্রীণ মডেল টাউনের মাঝে দাঁড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ের নতুন কাঠামো। বর্তমানে তিনটি ভবনে চলছে পাঠদান।

শিক্ষার্থীরা বলছেন, প্রকৃতি, নিস্তব্ধতা আর শিক্ষার মেলবন্ধন ঘটে এ ক্যাম্পাসে। সৌন্দর্যের পাশাপাশি আছে শিক্ষার আধুনিক অবকাঠামো।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিটি বিভাগকে দেওয়া হয়েছে একাধিক আধুনিক শ্রেণিকক্ষ, যেখানে আছে উন্নতমানের প্রজেক্টর, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আরামদায়ক আসন। বিশেষভাবে ফার্মাসিউটিক্যাল ও মাইক্রোবায়োলজি বিভাগের জন্য অত্যাধুনিক ল্যাব তৈরি করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে শিখতে পারছে আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি ও সুবিধা ব্যবহার করে। এছাড়াও, নতুন লাইব্রেরিতে রয়েছে সমৃদ্ধ বইয়ের সংগ্রহ ও ডিজিটাল রিসোর্স, যা একাডেমিক চর্চাকে আরও গতিশীল করছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, চলতি বছরের অক্টোবরেই পূর্ণমাত্রায় ক্লাস শুরু হবে নিজস্ব ক্যাম্পাসে। বৈদ্যুতিক সংযোগ সম্পূর্ণ হলে এবং অবশিষ্ট ছোটখাটো কাজ শেষ হলে মুগদার এই ক্যাম্পাসই হবে স্ট্যামফোর্ডের শিক্ষা কার্যক্রমের কেন্দ্র।
