শাফীউল ইসলাম প্রাণ
চলচ্চিত্র, গল্প বলা ও সৃজনশীলতাকে উদযাপন করতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী আয়োজন ‘থ্রু লেন্স অ্যান্ড স্টেজ–অ্যানুয়াল প্রোগ্রাম ২০২৬’। আয়োজনের মূল আকর্ষণ ছিল আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’র প্রদর্শনী এবং এর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্টামফোর্ড ইউনিভার্সিটি ড্রামা সোসাইটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (এসইউপিএস) এবং স্ট্যামফোর্ড ইয়েস গ্রুপ যৌথভাবে এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে আয়োজনে যোগ দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রমের প্রশংসা করেন উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের।
অনুষ্ঠানের শুরুতে দুপুর ২টায় প্রদর্শিত হয় চলচ্চিত্র ‘আয়নাবাজি’। প্রদর্শনী শেষে বিকেল সোয়া ৪টায় মঞ্চে আসেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এ সময় চলচ্চিত্রটির নির্মাণ প্রক্রিয়া, চিত্রনাট্য তৈরির পেছনের গল্প এবং নানা কারিগরি দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি।
এ সময় অমিতাভ রেজার কো-ক্রিয়েটর, নির্মাতা ও লেখক মুশফিকা মাসুদ চলচ্চিত্র নির্মাণ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে অমিতাভ রেজা বলেন, “আয়নাবাজি পুরোপুরি একটি অভিনয়ের গল্প। এখানে নানা চরিত্রের রূপ বদলই প্রধান বিষয়।”
চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, চিত্রনাট্যের প্রতিটি দৃশ্য শুটিংয়ের আগেই স্কেচ করে রাখা হয়েছিল। চরিত্র নির্মাণে গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষার্থীদের জানান, চিত্রনাট্য চূড়ান্ত করতে তাদের প্রায় এক বছর ধরে নিয়মিত কাজ করতে হয়েছিল। এছাড়াও জেলখানার অভ্যন্তরীণ বাস্তবতা সঠিকভাবে তুলে ধরতে তিন দিন সেখানে থেকে গবেষণা করার অভিজ্ঞতাও শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিজ্ঞাপন জীবিকা ও পেশাদারিত্বের জায়গা হলেও চলচ্চিত্র নির্মাণের স্বাধীনতা ও গল্প বলার আনন্দ একেবারেই আলাদা। সিনেমা আমি মূলত নিজের ভালো লাগা ও গল্প বলার তীব্র তাগিদ থেকেই বানিয়েছি।”
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত ছিলেন।