মো. ওয়াসিমুল বারী সিয়াম
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’র (জিটিএ) নতুন সংস্করণ ‘জিটিএ ৬’। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববাজারে গেমটি উন্মুক্ত হওয়ার পর থেকেই গেমারদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। শুধু গেমারদের বিনোদন নয়, এর বিক্রি, নির্মাণব্যয়, প্রযুক্তিগত উন্নয়ন এবং বাজারে সম্ভাব্য প্রভাব নিয়েও চলছে আলোচনা। সব মিলিয়ে জিটিএ ৬ এখন ভিডিও গেমের গণ্ডি ছাড়িয়ে বৈশ্বিক বিনোদনশিল্পের আলোচনার কেন্দ্রে।

জিটিএ সিরিজের প্রতিটি নতুন সংস্করণেই নতুন পরিবেশ, চরিত্র ও গল্পের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। তবে জিটিএ ৬ ঘিরে আগ্রহের অন্যতম কারণ দীর্ঘ বিরতি। ২০১৩ সালে জিটিএ ৫ প্রকাশের পর এক দশকের বেশি সময় ধরে নতুন মূল সংস্করণের অপেক্ষায় ছিলেন ভক্তরা। এ সময়ে গেমটির সম্ভাব্য গল্প, চরিত্র, গ্রাফিকস ও মুক্তির সময় নিয়ে নানা আলোচনা হয়েছে।
রকস্টার গেমসের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন সংস্করণের গল্পের পটভূমি যুক্তরাষ্ট্রের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডা। এর গুরুত্বপূর্ণ শহর ভাইস সিটি। গল্পের কেন্দ্রীয় চরিত্র জেসন ডুভাল ও লুসিয়া ক্যামিনোস। অপরাধজগতের নানা ঘটনার মধ্যে জড়িয়ে পড়া এই দুই চরিত্রকে ঘিরেই এগিয়ে যাবে কাহিনি।
গেমপ্লে ও নতুন অভিজ্ঞতাঃ
জিটিএ সিরিজের বড় আকর্ষণ এর উন্মুক্ত জগৎ বা ওপেন ওয়ার্ল্ড। এখানে খেলোয়াড়েরা শুধু নির্ধারিত মিশন শেষ করেন না বরং গেমের পরিবেশে ঘুরে বেড়ানো, বিভিন্ন চরিত্রের সঙ্গে যোগাযোগ এবং নানা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পান। জিটিএ ৬-এও এই অভিজ্ঞতাকে আরও বিস্তৃত ও জীবন্ত করে তোলার চেষ্টা করা হয়েছে। নতুন শহর, পরিবেশের বৈচিত্র্য, চরিত্রের অ্যানিমেশন, দৃশ্যমান বাস্তবতা এবং গল্প বলার ধরন সব মিলিয়ে গেমটি আগের সংস্করণগুলোর তুলনায় আরও সমৃদ্ধ অভিজ্ঞতা দেওয়ার প্রত্যাশা তৈরি করেছে। তবে এসব পরিবর্তনের প্রকৃত প্রভাব বোঝা যাবে খেলোয়াড়েরা দীর্ঘ সময় গেমটি ব্যবহারের পর।

গেমারদের প্রত্যাশা কতটা পূরণ হলো?
দীর্ঘদিন ধরে জিটিএ (GTA) সিরিজের সঙ্গে যুক্ত গেমারদের কাছে নতুন সংস্করণটি শুধু আরেকটি গেম নয়, বরং বহু বছরের অপেক্ষা ও প্রত্যাশার প্রতিফলন। কেউ নতুন শহর ও উন্নত গ্রাফিকস দেখার অপেক্ষায় ছিলেন, কেউ গল্প ও চরিত্রের পরিবর্তন নিয়ে কৌতূহলী, আবার কারও আগ্রহ ছিল গেমের উন্মুক্ত জগতে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা ঘিরে।
নতুন সংস্করণ নিয়ে গেমারদের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে, তা জানতে কথা হয় গেমার শহিদুল ইসলামের সঙ্গে। দীর্ঘদিন ধরে জিটিএ সিরিজের সঙ্গে যুক্ত শহিদুল ইসলাম গেমটি বাজারে আসার সঙ্গে সঙ্গেই খেলে দেখেছেন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “গেমটির মেকানিজম ও ইঞ্জিনের সমন্বয় সত্যিই অসাধারণ! AI-এর ব্যবহারও বেশ চমৎকার লেগেছে। প্রতিটি বিষয় এত সুন্দর ও নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে যে গেমটি খেলার পাশাপাশি দেখতেও দারুণ উপভোগ্য। গ্রাফিকস, গেমপ্লে এবং প্রযুক্তির ব্যবহার সব মিলিয়ে এটি সত্যিই প্রশংসার দাবিদার। এমন অসাধারণ একটি গেম উপহার দেওয়ার জন্য নির্মাতাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও শুভকামনা।”
শহিদুল ইসলামের নতুন প্রযুক্তির ব্যবহার ও গেমের সামগ্রিক উপস্থাপনই তার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে।
জিটিএ সিরিজের দীর্ঘ পথচলা
জিটিএ সিরিজের যাত্রা শুরু ১৯৯৭ সালে। শুরুতে দ্বিমাত্রিক গ্রাফিকসের এই গেম ধীরে ধীরে প্রযুক্তি ও গেমপ্লের দিক থেকে পরিবর্তিত হয়েছে। ২০০১ সালে প্রকাশিত জিটিএ ৩ সিরিজটিকে ত্রিমাত্রিক উন্মুক্ত জগতের অভিজ্ঞতায় নিয়ে যায়। এরপর ২০০২ সালের ভাইস সিটি এবং ২০০৪ সালের সান আন্দ্রেয়াস গেমারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।২০০৮ সালে জিটিএ ৪-এ উন্নত গ্রাফিকস ও গল্প বলার ধরন দেখা যায়। এরপর ২০১৩ সালে প্রকাশিত জিটিএ ৫ সিরিজটিকে নতুন উচ্চতায় নিয়ে যায়। একাধিক প্রধান চরিত্র, বিস্তৃত গেমপ্লে এবং পরবর্তী সময়ে জিটিএ অনলাইনের মাধ্যমে গেমটি দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রাখে। টেক-টু ইন্টারঅ্যাকটিভের প্রকাশিত বিক্রির তথ্য অনুযায়ী, জিটিএ সিরিজের মোট বিক্রি ৪৭ কোটির বেশি ইউনিট ছাড়িয়েছে। ফলে নতুন সংস্করণ ঘিরে এত বড় প্রত্যাশা তৈরি হওয়াকে অস্বাভাবিক বলা যায় না।
খেলতে কত খরচ, কী লাগবে?
জিটিএ ৬ খেলতে হলে প্রথমেই প্রয়োজন হবে উপযুক্ত গেমিং কনসোল। রকস্টার গেমসের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, গেমটি প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস-এ প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত পিসি সংস্করণের আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি। ফলে কম্পিউটারে খেলার পরিকল্পনা থাকলে ব্যবহারকারীদের আরও অপেক্ষা করতে হবে। প্রকাশক প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের ঘোষণায় দেখা গেছে, গেমটির স্ট্যান্ডার্ড সংস্করণের দাম ৭৯.৯৯ মার্কিন ডলার। আর আলটিমেট সংস্করণের দাম ৯৯.৯৯ ডলার। বাংলাদেশের বাজারে কনসোল, গেমের সংস্করণ, বিক্রেতা ও আমদানি খরচের কারণে প্রকৃত মূল্য ভিন্ন হতে পারে। তাই শুধু গেম কেনার খরচ নয়, উপযুক্ত কনসোল ও প্রয়োজনীয় স্টোরেজের ব্যবস্থাও বিবেচনায় রাখতে হবে।

জিটিএ ৬ নিয়ে আলোচনার আরেকটি বড় কারণ এর নির্মাণব্যয়। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, গেমটি তৈরিতে অন্তত ১০০ কোটি ডলার ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে রকস্টার গেমস বা এর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ আনুষ্ঠানিকভাবে নির্মাণব্যয়ের পরিমাণ প্রকাশ করেনি। বিপুল বিনিয়োগের বিপরীতে গেমটির বিক্রি নিয়েও তৈরি হয়েছে বড় প্রত্যাশা। রয়টার্সের প্রতিবেদনে বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের বরাত দিয়ে বলা হয়েছে, প্রি-অর্ডার ও প্রকাশের প্রথম দিনের বিক্রি মিলিয়ে জিটিএ ৬-এর বিক্রি দাঁড়িয়েছে আনুমানিক ২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার কপি। এতে আয় হতে পারে প্রায় ২৩৬ কোটি ডলার। তবে এই পরিসংখ্যান প্রকাশকের আনুষ্ঠানিক হিসাব নয়; এটি সেন্সর টাওয়ারের প্রাক্কলন। তুলনায়, ২০১৩ সালে প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় জিটিএ ৫ প্রায় ৮০ কোটি ডলারের বিক্রি করেছিল। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেন্সর টাওয়ারের প্রাক্কলন অনুযায়ী, নতুন সংস্করণটির প্রথম দিনের বিক্রি সেই অঙ্কের প্রায় তিন গুণের কাছাকাছি পৌঁছেছে। ফলে জিটিএ ৬-এর প্রকাশ শুধু গেমিং বাজারেই নয়, সামগ্রিক বিনোদনশিল্পের ব্যবসায়িক আলোচনাতেও গুরুত্ব পেয়েছে।
অন্য গেমগুলোর বাজারে কী প্রভাব পড়বে?
বর্তমানে ভিডিও গেমের বাজারে প্রতিযোগিতা বেশ বড়। কল অব ডিউটি, ফোর্টনাইট, মাইনক্রাফট, অ্যাসাসিনস ক্রিড এবং রেড ডেড রিডেম্পশন ২-এর মতো গেমের নিজস্ব খেলোয়াড়গোষ্ঠী ও বাজার রয়েছে। এসব গেমের ধরন ও লক্ষ্যভিত্তিক খেলোয়াড় এক নয়। কোনোটি অনলাইন প্রতিযোগিতায়, কোনোটি নির্মাণ ও সৃজনশীলতায়, আবার কোনোটি গল্পনির্ভর অভিজ্ঞতায় জনপ্রিয়তা পেয়েছে। জিটিএ ৬-এর বড় শক্তি এর দীর্ঘদিনের পরিচিতি, বিশ্বজুড়ে ভক্তগোষ্ঠী এবং নতুন সংস্করণ ঘিরে তৈরি হওয়া ব্যাপক প্রত্যাশা। এর প্রকাশের সময় অন্য গেমের প্রতি খেলোয়াড়দের মনোযোগ ও ব্যয়ের সিদ্ধান্তে প্রভাব পড়তে পারে। তবে দীর্ঘ মেয়াদে বাজারে এর অবস্থান নির্ভর করবে গেমের মান, নতুন কনটেন্ট, খেলোয়াড়দের সন্তুষ্টি এবং অনলাইন অভিজ্ঞতার ওপর।
গেমিং শিল্পের সামনে নতুন সম্ভাবনা
জিটিএ ৬-এর প্রকাশ গেমিং শিল্পের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এর বিক্রি ও বাজারে সাড়া দেখাচ্ছে, বড় বাজেটের গেম নিয়ে খেলোয়াড়দের আগ্রহ কতটা বিস্তৃত হতে পারে। একই সঙ্গে উন্নত গ্রাফিকস, বাস্তবসম্মত পরিবেশ, চরিত্রের আচরণ এবং গল্প বলার নতুন কৌশল নিয়ে গেম নির্মাতাদের প্রত্যাশাও বাড়বে। তবে একটি গেমের প্রথম দিনের সাফল্যই দীর্ঘমেয়াদি অবস্থান নিশ্চিত করে না। নিয়মিত হালনাগাদ, খেলোয়াড়দের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ অনলাইন সুবিধা কতটা আকর্ষণীয় হয়, সেটিও গুরুত্বপূর্ণ। জিটিএ ৬ সেই পরীক্ষার মধ্য দিয়েই এগোবে। ১৩ বছরের অপেক্ষার পর নতুন এই সংস্করণ গেমারদের সামনে যেমন নতুন অভিজ্ঞতার দরজা খুলেছে, তেমনি গেমিং বাজারের জন্যও তৈরি করেছে নতুন হিসাব-নিকাশ। এখন দেখার বিষয়, প্রকাশের প্রথম দিনের উন্মাদনাকে কতটা দীর্ঘস্থায়ী জনপ্রিয়তায় রূপ দিতে পারে জিটিএ ৬।