জলবায়ু অর্থায়নে বাংলাদেশের নতুন সম্ভাবনা: কপ-৩১ এর অর্জন, প্রত্যাশা ও করণীয়

ফিচার

আবু হাসান নাহিয়ান

 

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের লড়াই দীর্ঘদিনের। বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে নগণ্য হলেও এর ক্ষতিকর প্রভাবের বড় অংশ বহন করতে হচ্ছে এ দেশের মানুষকে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড় ও বন্যার মতো দুর্যোগ প্রতিনিয়ত মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। ফলে জলবায়ু পরিবর্তন এখন আর কেবল পরিবেশগত সংকট নয়; এটি বাংলাদেশের জাতীয় উন্নয়ন, খাদ্যনিরাপত্তা, জনস্বাস্থ্য ও সামাজিক ন্যায়বিচারের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। এই বাস্তবতায় জলবায়ু অর্থায়ন বাংলাদেশের জন্য কেবল আন্তর্জাতিক সহযোগিতার বিষয় নয়, বরং টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত।

সম্প্রতি তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP31)-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের সুযোগ হয়েছে আমার। সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা এবং আন্তর্জাতিক নীতিনির্ধারণী প্রক্রিয়া কাছ থেকে পর্যবেক্ষণের অভিজ্ঞতা হয়েছে। এসব অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি যথেষ্ট নয়; প্রয়োজন কার্যকর উদ্যোগ, অর্থায়ন এবং রাজনৈতিক সদিচ্ছা।

এবারের সম্মেলন থেকে বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। উন্নত দেশগুলোর অর্থায়নে পরিচালিত Climate Investment Funds (CIF)-এর Accelerating Resilience Investments through Strengthening Ecosystems (ARISE) কর্মসূচির আওতায় বাংলাদেশ ৩০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জলবায়ু অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছে। বিশ্বের মাত্র ছয়টি দেশ এ কর্মসূচির আওতায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের এই অন্তর্ভুক্তি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এই অর্জনের তাৎপর্য শুধু সম্ভাব্য অর্থায়নের পরিমাণে সীমাবদ্ধ নয়। বরং এর মাধ্যমে দেশের জলবায়ু অভিযোজন, পরিবেশ সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে।

প্রশ্ন হচ্ছে, এই অর্থায়ন বাংলাদেশের জলবায়ু সংকট মোকাবিলায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে? এর উত্তর নির্ভর করবে অর্থের যথাযথ ব্যবহার, প্রকল্প নির্বাচন এবং বাস্তবায়ন প্রক্রিয়ার ওপর। কারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের সব অঞ্চলে সমান নয়। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা ও জলোচ্ছ্বাস যেমন বড় সংকট, তেমনি নদীভাঙনপ্রবণ এলাকায় বসতভিটা ও জীবিকা হারানো মানুষের জন্য এটি অস্তিত্বের লড়াই। আবার হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যা কৃষি উৎপাদনকে বিপর্যস্ত করে। তাই একক কোনো পরিকল্পনা দিয়ে দেশের সব অঞ্চলের জলবায়ু ঝুঁকি মোকাবিলা সম্ভব নয়। প্রয়োজন অঞ্চলভিত্তিক ও জনগোষ্ঠীর প্রয়োজননির্ভর অভিযোজন পরিকল্পনা।

এ ক্ষেত্রে ARISE কর্মসূচির আওতায় উপকূলীয় সুরক্ষা জোরদার, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ বিশেষ গুরুত্ব পাওয়ার দাবি রাখে। বিশেষ করে ম্যানগ্রোভ বন প্রাকৃতিক সুরক্ষাবলয় হিসেবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের অভিঘাত কমাতে সহায়তা করে। পাশাপাশি এটি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষায় ভূমিকা রাখে। ফলে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারকে শুধু বনায়ন প্রকল্প হিসেবে না দেখে উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশগত নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

তবে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা। অতীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দের পরও বাস্তবায়নগত সীমাবদ্ধতা, সমন্বয়ের অভাব, দীর্ঘসূত্রতা এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন যথাযথভাবে বিবেচিত না হওয়ার মতো সমস্যা দেখা গেছে। জলবায়ু অর্থায়নের ক্ষেত্রেও একই ধরনের দুর্বলতা থাকলে সম্ভাবনাময় উদ্যোগ প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হতে পারে।

এ কারণে শুরু থেকেই একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাস্তবায়ন কাঠামো তৈরি করা জরুরি। কোন অঞ্চলে কী ধরনের প্রকল্প প্রয়োজন, কারা সরাসরি উপকৃত হবে এবং প্রকল্পের অগ্রগতি কীভাবে মূল্যায়ন করা হবে—এসব বিষয় পরিকল্পনার শুরুতেই নির্ধারণ করতে হবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠী, পরিবেশবিদ, গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। কারণ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত যারা সরাসরি মোকাবিলা করেন, তাদের অভিজ্ঞতা ও মতামত ছাড়া কার্যকর অভিযোজন পরিকল্পনা তৈরি করা কঠিন।

এবারের COP31 সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং লিডার্স সামিটে দেওয়া বক্তব্যও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বক্তব্যে তিনি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেছেন। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য, পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগের কথা জানিয়েছেন। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেছেন।

এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে পরিকল্পনার ঘোষণা এবং বাস্তবায়নের মধ্যে ব্যবধান যেন তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে নদী ও খাল খননের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব, পানির স্বাভাবিক প্রবাহ এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার বিষয়গুলো বিবেচনায় নেওয়া জরুরি। একইভাবে বৃক্ষরোপণের ক্ষেত্রে শুধু গাছের সংখ্যা নয়, উপযুক্ত প্রজাতি নির্বাচন, রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদি টিকে থাকার বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত।

বাংলাদেশের জন্য জলবায়ু অর্থায়নের এই সুযোগকে তাই কেবল একটি আর্থিক অর্জন হিসেবে দেখার সুযোগ নেই। এটি দেশের জলবায়ু নীতি, পরিবেশ ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর করার একটি সম্ভাবনা। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ু ন্যায্যতার দাবি আরও জোরালোভাবে তুলে ধরার ক্ষেত্রেও এ ধরনের অর্জন ভূমিকা রাখতে পারে।

জলবায়ু পরিবর্তনের জন্য যেসব দেশ সবচেয়ে কম দায়ী, অথচ সবচেয়ে বেশি ক্ষতির মুখে, তাদের জন্য পর্যাপ্ত ও সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করা বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের অন্যতম শর্ত। বাংলাদেশকে আন্তর্জাতিক আলোচনায় এই দাবি অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে শুধু অনুদান বা ঋণ সংগ্রহ নয়, বরং অর্থায়নের শর্ত, অর্থের ব্যবহার এবং প্রকল্পের দীর্ঘমেয়াদি সুফল নিয়েও সচেতন থাকতে হবে।

সবশেষে বলা যায়, COP31 থেকে পাওয়া সম্ভাবনাকে বাস্তব সাফল্যে রূপ দিতে হলে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, স্বচ্ছতা, জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ৩০ মিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য অর্থায়ন বাংলাদেশের জলবায়ু সংকটের সামগ্রিক সমাধান নয়; তবে সঠিকভাবে ব্যবহার করা গেলে এটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। আন্তর্জাতিক সহযোগিতার এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে এমন একটি উন্নয়নপথ তৈরি করতে হবে, যেখানে জলবায়ুঝুঁকিতে থাকা মানুষের নিরাপত্তা, পরিবেশের ভারসাম্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা সমান গুরুত্ব পাবে। জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার লড়াইয়ে এখন সবচেয়ে জরুরি বিষয় হলো—প্রতিশ্রুতিকে বাস্তব কাজে রূপান্তর করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *