কিরণ কাওসার:
গত ২৪ ঘণ্টায় ( শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনা ভাইরাসের সংক্রমণে আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২,৪১১ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
করোনার ডেল্টা ধরনের দাপটে চলতি আগস্টের ৭ দিনেই প্রায় দেড় হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে টানা ১৪ দিন দৈনিক দুই শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ১৩৬ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে নমুনা পরীক্ষায় আগের দিনের চেয়ে শনাক্তের হার কমেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭০২ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ১৩৬ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তের হার ২৫.৬৫ শতাংশ। আজ পর্যন্ত দেশে মোট ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২২ হাজার ৪১১ জন। সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৫২ জন ছিলেন পুরুষ ও ১০৯ জন নারী। ২৫৭ জন হাসপাতালে, তিনজন বাড়িতে মারা গেছেন এবং মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছে ১ জনকে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া ৬২ জন চট্টগ্রাম, ০৮ জন রাজশাহী, ৪৫ জন খুলনা, ১২ জন বরিশাল, ০৭ জন সিলেট, ১০ জন রংপুর ও ১৬ জন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৭৬ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৬৪ জন পঞ্চাশোর্ধ্ব, ২৮ জন চল্লিশোর্ধ্ব, ১৫ জন ত্রিশোর্ধ্ব ও নয়জনের বয়স ছিল ১১ থেকে ৩০ বছরের মধ্যে।
দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ শুরুর পর থেকে সংকটাপন্ন রোগী বাড়তে শুরু করেছে। বেড়েছে অক্সিজেন ও আইসিইউ চাহিদা। হাসপাতালগুলোয় উপচে পড়ছে রোগী। গতকালও দেশের ১৫টি কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে শয্যার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি ছিল।
