বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পেয়েছেন দেশের গণমাধ্যমে কর্মরত পাঁচ সাংবাদিক। আর প্রাতিষ্ঠানিক সম্মাননা দেওয়া হয় ইংরেজি দৈনিক দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এবং আঞ্চলিক সংবাদপত্র দৈনিক করতোয়াকে। আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রবীণ সাংবাদিক দৈনিক জনকন্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানকে।
শনিবার রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে সাতটি ক্যাটাগরিতে সাতজনের হাতে পদক, চেক ও সম্মাননাপত্র তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পদক প্রাপ্ত সাংবাদিকরা হলেন – সমকালের স্টাফ রিপোর্টার জাহিদুর রহমান (গ্রামীণ সাংবাদিকতা), দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার ইউসুফ আরেফিন (উন্নয়ন সাংবাদিকতা), দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার আরাফাত আরা (নারী সাংবাদিকতা) ও একই পত্রিকার আলোকচিত্রী শফিকুল ইসলাম (আলোকচিত্র)।

দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের পক্ষে সম্মাননা গ্রহণ করেন পত্রিকার সম্পাদক শাহ হোসেন ইমাম ও দৈনিক করতোয়ার পক্ষে সম্মাননা গ্রহণ করেন সম্পাদক মোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রেস কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধিকল্পে আইন যুগোপযোগী করা হচ্ছে। এজন্য প্রেস কাউন্সিল আইন সংশোধন হচ্ছে এবং তা শিগগিরই মন্ত্রিসভায় উঠবে।’
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, স্বাধিকার, গণতন্ত্র ও উন্নয়ন একই সূত্রে গাঁথা। আর এই যোগসূত্র স্থাপনে গণমাধ্যম রাখতে পারে অনন্য ভূমিকা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিল সদস্যবৃন্দের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আবদুল মতিন খসরু, উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, প্রেস কাউন্সিল পদক জুরিবোর্ডের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।
প্রতি বছর রাষ্ট্রপতি প্রেস কাউন্সিল পদক প্রদান করলেও করোনার কারণে তিনি এবার অনুষ্ঠানে উপস্থিত হতে সম্মত হননি। শনিবার পদক প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতির পাঠানো লিখিত বক্তব্য পাঠ করেন প্রেস কাউন্সিলের সদস্য সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। পদকপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো লিখিত বক্তব্য পাঠ করেন প্রেস কাউন্সিলের আরেক সদস্য সাংবাদিক আব্দুল মজিদ। প্রধানমন্ত্রীও পদকজয়ীদের অভিনন্দন জানান।
