
রেজাউল হাসান
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে সৃজনশীল লেখালেখি বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘আনলিশ ইয়োর ইমাজিনেশন: এ ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ’ শীর্ষক এ শিরোনামে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
১৯ মে (মঙ্গলবার) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৮৩তম ব্যাচের ‘ফিচার অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং’ কোর্সের ব্যবহারিক কার্যক্রমের অংশ হিসেবে কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও অংশ নেন।

কর্মশালায় প্রধান বক্তা ছিলেন বিভাগের সাবেক শিক্ষার্থী ও কথাসাহিত্যিক মৌরি মরিয়ম। উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক সামিয়া আসাদী, খণ্ডকালীন শিক্ষক সাবিনা স্যাবি এবং কোর্স শিক্ষক ও সহকারী অধ্যাপক শবনম জান্নাত।

উদ্বোধনী বক্তব্যে কাজী আব্দুল মান্নান সংবাদ শিরোনামের গুরুত্ব তুলে ধরেন। তিনি দেশি-বিদেশি বিভিন্ন সংবাদপত্রের শিরোনামের উদাহরণ দিয়ে বলেন, একটি সৃজনশীল শিরোনাম সংবাদের মূল বক্তব্যকে আকর্ষণীয়ভাবে পাঠকের সামনে তুলে ধরতে পারে। তিনি শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাহিত্য পাঠে আগ্রহী হওয়ার পরামর্শও দেন।
প্রধান বক্তার বক্তব্যে মৌরি মরিয়ম সৃজনশীল লেখার বিভিন্ন কৌশল, শব্দচয়ন, চরিত্র নির্মাণ ও গল্পের গতি বজায় রাখার বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, চরিত্রকে সরাসরি বর্ণনা না করে তার আচরণ ও সংলাপের মাধ্যমে উপস্থাপন করলে গল্প আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পাশাপাশি ছোটগল্প, নভেলা ও উপন্যাসের কাঠামোগত পার্থক্য এবং লেখার বিভিন্ন ধাপ নিয়েও তিনি কথা বলেন।

নিজের লেখালেখির অভিজ্ঞতা তুলে ধরে মৌরি মরিয়ম বলেন, সৃজনশীল লেখালেখি শুধু জন্মগত প্রতিভার বিষয় নয়; নিয়মিত চর্চা, কাঠামোগত জ্ঞান ও তাত্ত্বিক ধারণার মাধ্যমে দক্ষতা অর্জন সম্ভব। নতুন লেখকদের উদ্দেশে তিনি বলেন, শুরুতে নির্দিষ্ট কাঠামো অনুসরণ করে লিখতে পারলে ধীরে ধীরে নিজস্ব লেখনভঙ্গি গড়ে ওঠে।
কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, লেখালেখির বিভিন্ন কৌশল ও বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ তাঁদের কাজে লাগবে। বিশেষ করে চরিত্র নির্মাণ, শব্দচয়ন, গল্পের বিন্যাস ও শিরোনাম লেখার বিষয়ে আলোচনা তাঁদের জন্য উপকারী হয়েছে।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা বিকাশ এবং লেখালেখিতে আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে।