আগের তেজে ফিরতে পারবেন সাকিব?

খেলা

তাজবিহ স্মরণ:
অবশেষে হতাশার মেঘ কেটে আবার সুর্য উঁকি মারলো বাংলার ক্রিকেট রাজপুত্র সাকিব আল হাসানের আকাশে। কিন্তু আগের সেই তেজ নিয়ে ফিরতে পারবেন কি? সাকিবভক্ত আর ক্রিকেটপ্রেমীরা অবশ্য সেদিকেই তাকিয়ে আছেন!

পুরনো গল্প হয়তো অনেকেরই জানা। ২০১৯ এর ২৩ অক্টোবর। ক্রিকেটারদের দাবি আদায়ে ধর্মঘটের ডাক দিয়ে সাকিব হয়ে উঠলেন ‘নেতা’! কিন্তু ২৯ অক্টোবর হঠাৎ সবকিছু বদলে গেল। বিসিবি পাড়ায় গুঞ্জন শুরু হল, নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব আল হাসান। তার পরের গল্পটা তো বেদনার।

তিনবার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট আকসুকে না জানানোয় এই শাস্তি পান সাকিব আল হাসান। আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের কাছে দায় স্বীকার করে সাকিব এই সাজা মেনেও নিয়েছেন। “যে খেলাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সে খেলা থেকে নিষেধাজ্ঞা পেয়ে আমি দুঃখিত”- কথাটা বলার সময় সাকিবের গলার স্বর আর চোখে ছলছল করা পানিই বলে দিচ্ছিল কতটা মিস করবেন তিনি এই খেলাটাকে।কিন্তু তিনি হয়তো জানতেন না বাংলাদেশ ক্রিকেট তাকে আরও বেশি মিস করবে এই এক বছর।

অন্ধকারে হারিয়ে গেলো পুরো একটি বছর! অন্ধকারে হারিয়ে যাওয়া এই একটি বছরের হিসেব কি ব্যাট-বল দিয়েই কড়ায়-গণ্ডায় ফেরত দেবেন সাকিব? পারবেন? বিশ্বকাপের চোখ ধাধানো পারফরম্যান্স তো এখনো চোখে লেগে আছে বাংলার ক্রিকেট প্রেমীদের। সেই লাল-সবুজ ৭৫ নম্বর জার্সিটাতো এই এক বছর খুজে বেরিয়েছে প্রিয় মানুষটিকে। প্রিয় ৭৫ নম্বর জার্সিটা গায়ে জড়িয়েই পুরোনো সাম্রাজ্য দখল করতে এখন তো আর বাধা নেই মিষ্টার অলরাউন্ডারের। নেই কোনো শংকা,নেই কোনো শৃংখল।

করোনা ভাইরাস পুরো বিশ্বের মতো ক্রিকেট টাকেও তো একেবারে অচল করে রেখেছিল কয়েকটা মাস। তাই হয়তো খুব বেশি ম্যাচ মিস করেন নি সাকিব। নিষেধাজ্ঞার এক বছরের প্রায় পুরোটাই কাটাতে পেরেছেন যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে। সেই পরিবারের শক্তি নিয়েই নতুন দিনের নতুন সূর্যোদয়ের মতো বাংলার নবাব হয়ে তিনি জ্বলে উঠবেন তার প্রিয় লালসবুজ জার্সিতে, এমন আশাই ভক্তদের। তারা হয়তো চাইছেন, চ্যাম্পিয়নের মতোই ফিরে আসুক সাকিব। সব ঠিক থাকল আগামী নভেম্বরেই হয়তো নিজেকে নতুন করে প্রমানের সুযোগ পাবেন , বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *