এল ক্লাসিকো জয়ে লা লীগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

খেলা

তাজবিহ স্মরণ:
করিম বেনজেমা এবং টনি ক্রুসের প্রথমার্ধের গোলে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

এই জয়ের ফলে, অ্যাটলেটিকো মাদ্রিদ এর সমান পরিমাণ পয়েন্ট (৬৬) নিয়ে লা লিগায় টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

লিভারপুলের বিরুদ্ধে শেষ চ্যাম্পিয়নস লীগে ম্যাচের জয়ী একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে ৪-৪-২ ফরমেশনে এলক্লাসিকোর একাদশ সাজান জিনেদিন জিদান। একমাত্র পরিবর্তনটি ছিল মার্কো অ্যাসেনসিওর পরিবর্তে ফেদে ভালভার্দের অন্তর্ভুক্তি।। এদিকে, রোনাল্ড কোম্যান আন্তোইন গ্রীজম্যান এবং জেরার্ড পিকেকে বেঞ্চে রেখে ৩-৫-২ ফরমেশনে একাদশ সাজান।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ চালাতে থাকে প্রতিপক্ষের গোলমুখে। ১৩ মিনিটে রাইট উইং দিয়ে ফেদে ভালভার্দের অসাধারণ দৌড় থেকে বল পেয়ে যান রিয়াল মাদ্রিদের লুকাস ভাসকেস। লুকাস ভাসকেসের ক্রসে অসাধারন ব্যাক-হিলে বল জালে জড়ান করিম বেঞ্জেমা।

এরপর থেকেই যেন মিডফিল্ডের নিয়ন্ত্রণ চলে আসে রিয়াল মাদ্রিদের কাছে। ২৮ মিনিটে ফ্রি-কিকের মাধ্যমে ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলশোধের জন্য মরিয়া হয়ে উঠে বার্সেলোনা। বল পজিশনে এগিয়ে থেকে একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল মাদ্রিদের গোলমুখে। যার ফলশ্রুতিতে ৬০ মিনিটে জর্দি আলবার ক্রসে বল জালে জড়ান অস্কার মিংগুয়েজা। ফল দাঁড়ায় ২-১।

ম্যাচের শেষদিকে দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড খেয়ে বসেন রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। ফলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচের একদম শেষ মিনিটে বার্সেলোনার বদলি হিসেবে নামা প্লেয়ার ইলিক্সের দুর্দান্ত শট পোস্টে লেগে প্রতিহত হলে পূর্ন তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *