রিয়ালকে হারিয়ে ‘অল ইংলিশ ফাইনাল’ নিশ্চিত চেলসির

খেলা

মাহিন সাইফ
৮ বছর পর চ্যাম্পিয়নস লীগের ফাইনালের দেখা পেল ইংলিশ ক্লাব চেলসি। বুধবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে তারা। দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়িয়েছে ৩-১।

২০১৯ সালে লিভারপুর বনাম টটেনহাম এর পর ২৯ মে ইস্তাম্বুলে শিরোপার লড়াইয়ে আবারো হতে যাচ্ছে ‘অল ইংলিশ ক্লাব ফাইনাল’। ওইদিন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে টমাস টুখেলের দল চেলসি।

চেলসির হয়ে ম্যাচের ২৮তম মিনিটে কাই হার্ভাটজের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নেন টিমো ভার্নার। আর ম্যাচের শেষ মুহূর্তে ৮৫ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের অ্যাসিস্ট থেকে দলের লিড দ্বিগুণ করেন মেসন মাউন্ট।

পুরো ম্যাচে ছিল চেলসির একচ্ছত্র আধিপত্য। মাত্র এক-তৃতীয়াংশ সময় বল দখলে রেখেও প্রায় পুরোটা সময়ই প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় তারা। গোলের উদ্দেশে মোট ১৫টি শট নেয় দলটি, এর পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, জিনেদিন জিদানের শিষ্যরা ছিল ছন্নছাড়া। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগ-কোনো জায়গায়ই প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি টুর্নামেন্টের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।

উয়েফা চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় লেগে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) কে ২-০ গোলে হারিয়ে প্রথম বারের মতো ফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি । প্রথম লেগে প্যারিসের নিজস্ব মাঠে তাদের ২-১ গোলে হারিয়ে অনেকটা এগিয়েই ছিলো সিটিজেনরা।

এর আগে দুইবার অল-ইংলিশ ফাইনাল দেখা গেছে। ২০০৮ সালে ইউরোপ-সেরা হওয়ার সে ফাইনালে চেলসির মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় বার লিভারপুলের মুখোমুখি হয় টটেনহাম। তবে ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়নস লীগ ছাড়া ইউরোপের অন্যান্য টুর্নামেন্ট হিসেব করলে এটি চতুর্থ বারের মতো অল-ইংলিশ ফাইনাল। ১৯৭২ সালে উয়েফা কাপের ফাইনালে উলভসের মুখোমুখি হয়েছিলো টটেনহাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *