কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বাংলাদেশেও তার খ্যাতি রয়েছে। এবার একটি গানে কণ্ঠ দিলেন তার স্ত্রী পিয়া চক্রবর্তী। ‘তোমার ভেতর থেকে’ শিরোনামের গানটি ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। তারপর থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছেন পিয়া।
পিয়া চক্রবর্তী ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘‘তোমার ভেতর থেকে’ গানটি প্রথম একটি নাটকে ব্যবহার করা হয়েছিল। নাটকের জন্য প্রথম অন্তরা লিখেছিল অনুপম, তখন এটির সুরও করেছিল ও। পরে গানটির পুননির্মাণের জন্য দ্বিতীয় অন্তরা লিখি এবং এ অংশের সুর করি। গানটি নিয়ে সুন্দর একটি ভিডিও নির্মিত হয়েছে। ভিডিওটির ভাবনা অনুপমের।”
পিয়া চক্রবর্তী বলেন, ‘পেশাগতভাবে পাঁচ বছর রবীন্দ্র সংগীতের তালিম নিয়েছি। কিন্তু কখনো ভাবিনি নিজে গান লিখব। গান গাইতে ভালোবাসি। এর আগে অনুপমের জন্য একটি গান গেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিলাম।
