জয় এলো কিন্তু ছয় এলো না

খেলা

তানভীর সিদ্দিক টিপু
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় ছিল না বাংলাদেশের। পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই সেই জয়ের খরা কাটাল টাইগাররা। তবে মজার ব্যাপার, এই ম্যাচে দুই দলের কোনো খেলোয়াড়ই একটিও ছয় হাঁকাতে পারেননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিশ্বকাপ খেলেছে এমন দলগুলোর মধ্যে ফলাফল হয়েছে এমন ম্যাচে এখন পর্যন্ত আটবার এই ঘটনা ঘটেছে।

সর্বপ্রথম ২০১০ সালের ৪ মে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের ম্যাচটি ছিল ছয়বিহীন। চার হয়েছিল ৮টি। একই বছরের ৫ সেপ্টেম্বরে কার্ডিফে ইংল্যান্ড-পাকিস্তানের ম্যাচটিতে ২৩টি চার হলেও একটিও ছয় আসেনি।

এরপর ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি কেনিয়া ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচেও একটিও ছয়ের দেখা পাননি ব্যাটসম্যানরা। চার হয়েছিল ১৭টি। একইবছর ২০ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ম্যাচেও একটিও ছয় হয়নি। চার হয়েছে ১৫টি। ২০১৫ সালের ২১ নভেম্বর দুবাইয়ে হংকং ও ওমান মুখোমুখি হয়। ১৯ বাউন্ডারির ম্যাচে ছিল না একটিও ওভারবাউন্ডারি।

২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচেও ঘটে একই ঘটনা। ১৮টি চার মারতে পেরেছিলেন দুই দলের খেলোয়াড়রা।

সর্বশেষ ২০২১ সালের ২৯ জুলাই কলম্বোতে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচে দুই দলের ব্যাটসম্যানরা ৯টি চারের দেখা পেলেও, ছয়ের দেখা পায়নি কেউ।

আজকের ম্যাচেও মোট ৮টি চার হয়েছে, যা এধরনের প্রথম ম্যাচের সমান ও সর্বনিম্ন। আবার, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম একমাত্র মাঠ যেখানে এটা দুবার ঘটেছে।

নিউজিল্যান্ডকে তাদের টি–টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানে (৬০) অলআউট করে দিয়ে ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে।

তথ্যসূত্রঃ ইএসপিএনক্রিকইনফো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *