নৌকার পাশে শৈশব, ঝুঁকিতে বেদে শিশুরা

ফিচার

মোঃ সাফায়েত হোসেন শান্ত

বরিশালের লাহারহাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর তীরে নৌকার পাশে খেলছে দুই শিশু। একটু দূরে দাঁড়িয়ে আছে এক কিশোর। পেছনে সারি সারি নৌকা ও মাছ ধরার জাল। এই নদীই বেদে পরিবারের অনেক মানুষের ঘর, আবার জীবিকারও ভরসা। নদীকে ঘিরেই কাটে তাদের শিশুদের শৈশব।

বেদে সম্প্রদায়ের নারী শিল্পী জানান, তাঁরা সারা বছর নৌকায় থাকেন। নদীর মাছ বিক্রি করেই চলে তাঁদের সংসার। শিল্পী বলেন, ‘আমার নাম শিল্পী। আমরা এই নৌকায় থাকি, আর এই নদী থেকেই আমাদের ব্যবসা। আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই, যেখানে ঘর-সংসার করে থাকব। আমরা সারা বছর নদীর ভেতরেই থাকি এবং নদীকে ঘিরেই ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। নদীর মাছ বিক্রি করেই আমাদের পেট চলে।’

তবে নৌকায় বসবাসের এই জীবনে নানা সংকট রয়েছে। বেদে সম্প্রদায়ের সরদার জানান, তিনি ১৭১টি পরিবারের দায়িত্বে রয়েছেন। আগের তুলনায় নদীতে মাছ কম পাওয়ায় তাঁদের জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবারের নিজস্ব জমি বা স্থায়ী বসতিও নেই।

শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা জানান সরদার। তাঁর ভাষ্য, প্রতিবছর তিন থেকে চারটি শিশু নদীতে পড়ে মারা যায়। নদীর পাশে খেলাধুলা করতে গিয়ে শিশুদের এমন ঝুঁকির মুখে পড়তে হয়। তাই তাদের নিরাপত্তায় পরিবারের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও জরুরি।

সরদার আরও জানান, তাঁদের নিজস্ব টিউবওয়েল নেই এবং পর্যাপ্ত বাথরুমের ব্যবস্থাও নেই। নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাব শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। আর জীবিকার প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হলে শিশুদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়াও কঠিন হতে পারে।

নৌকার পাশে খেলতে থাকা এই শিশুরাও অন্য শিশুদের মতো নিরাপদে বেড়ে ওঠার অধিকার রাখে। তাদের জন্য নিরাপদ পরিবেশ, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। নদীকে ঘিরে তাদের জীবন চললেও শৈশব যেন নিরাপত্তার অভাবে ঝুঁকির মধ্যে না পড়ে, সেদিকে নজর দেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *