মাহমুদুর রহমান: বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে, জাতীয় প্রেস ক্লাবের সামনে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তারা বলেন, পানগুছি নদীর ওপর একটি সেতুর অভাবে মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার লাখ লাখ মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পারাপারের সময় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মশিউর রহমান বলেন, পানগুছি নদীতে ট্রলার ও নৌকায় করে পারাপারের সময় কত মানুষের প্রাণ গেছে, তার সঠিক পরিসংখ্যান নেই। তাই এই মুহূর্তে স্থানীয়দের পানগুছি সেতু জরুরি প্রয়োজন।
সভাপতির বক্তব্যে আয়োজক পরিষদের সভাপতি ও তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, কয়েক বছর আগে পানগুছি নদীতে ১০০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবি হয়েছিল। এতে ১৯ জন মারা যায়। বিগত সরকার একনেক সভায় পানগুছি নদীর ওপর সেতুর প্রকল্প পাস করলেও কাজ করেনি।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফারহানা জাহান নিপা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাগেরহাটে জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক শরীফ মোস্তফা জামান লিটু, আমরা জুলাই যোদ্ধা’র সভাপতি আমিনুল ইসলাম ইমনসহ অন্যান্যরা।
