লামিয়ারা জানতে চায়, ‘ফুল না বেচলে খামু কী, সংসার কেমনে চলবো?’

বাংলাদেশ

তানহা তাসনিম ইফাজ

শিশুরা ফুলের মতো সুন্দর। সেই ছোট ছোট শিশুদের হাতে ফুল। একটি সুন্দর দৃশ্যের কথা চিন্তা করাই যায়। কিন্তু এই শিশুরা শখের বশে নয়, ফুল হাতে রাজপথে দাঁড়িয়েছে জীবিকার তাগিদে। রাজধানীর শাহবাগ, টিএসসি চত্বর কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে এমন অনেক শিশুর দেখা পাওয়া যায়।

কথা হয় ছয় বছরের এক শিশুর সাথে, নাম লামিয়া। তার আরও একটি নাম আছে, টুনটুনি। ফুল নিয়ে সবার কাছে ছুটে যাচ্ছে। তার একটিই আবদার, ‘একটা ফুল নেন নাহ’। প্রতিদিন শাহবাগ থেকে দুই বা এক কেজি ফুল কিনে আনে লামিয়া। তার মা এবং ভাই ফুল দিয়ে মাথায় পরার রাউটার তৈরি করে, ফুলের মালা গাঁথে। সেগুলো তারা সবার কাছে ঘুরে ঘুরে বিক্রি করে। প্রতিদিন সে নিজেই ৪০০ থেকে ৫০০ টাকার ফুল বিক্রি করে। কোনোদিন আবার ১ হাজার টাকার ফুলও বিক্রি হয়। সব টাকা প্রতিদিন সংসার চালাতে দিয়ে দেয়। বইমেলা, একুশে ফেব্রুয়ারি, বসন্ত বরণ, ভালবাসা দিবসসহ নানা উৎসবে তাদের ফুল বেচাকেনা বেশি হয়। এ সময় ফুলের চাহিদা সারা বছরের চেয়ে বেশি থাকে।

কেউ ফুল নেয়, কেউ ফিরেও তাকায় না। আবার কেউ কেউ তুলে দেন অতিরিক্ত টাকা। ফুল বিক্রি করতে গিয়ে ক্রেতাদের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার কথা জানায় লামিয়া। ‘অনেকেই খুব জোরে ঝাড়ি দেয়। আবার বকা দিয়ে বলে, ফুল লাগবে না। তখন আমি কিছু বলি না। আবার, যারা আমাকে অনেকদিন ধরে চেনেন তারা অনেকেই আমার সাথে ভালো ব্যবহার করেন।’

পরিবারের সাথে চানখারপুলে থাকে লামিয়া। তার বাবা এবং ভাই রিকশা চালান। পাঁচ ভাইবোনের মধ্যে সে সবার ছোট। তাকেও ফুল বিক্রি করতে রাস্তায় নামতে হয়েছে। ফুল কেনো বিক্রি করছে এমন প্রশ্ন করলে লামিয়া বলে, ‘ফুল না বেচলে খামু কী? সংসার কেমনে চলবো?’

সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত একটি স্কুলে পড়ালেখা করে সে। যদিও সে তার স্কুল এবং কোন শ্রেণিতে পড়ে তা বলতে পারে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *