ইন্দ্রানী মল্লিক
ভাষা শহীদদের স্মৃতিচারণে প্রতিবছর ফেব্রুয়ারির ১ তারিখ আয়োজিত হয় বই মেলা। এখন মেলার শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্টলের কর্মীগন।
বই মেলা সাধারণত ২৮দিন ব্যাপি হলেও, এবার লিপইয়ারের জন্য মেলাটি হবে ২৯ দিনের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ তারিখ মেলা উদ্বোধন করবেন। এর আগেই স্টলের সব কাজ শেষ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রকাশনার মালিকেরা।
এবার নতুন ২০টি প্রকাশনা সংস্থাকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী অংশে ৪৫৯ টি প্রতিষ্ঠানকে স্টল দেওয়া হয়েছে। ১৯৬ টি প্রতিষ্ঠান এক ইউনিট, ১০৩ টি প্রতিষ্ঠান দুই ইউনিট, ৩৯ টি প্রতিষ্ঠান তিন ইউনিট এবং ২০ টি প্রতিষ্ঠান চার ইউনিটের স্টল বরাদ্দ পেয়েছে। প্যাভিলিয়ন পেয়েছে ৩৪ টি প্রকাশনা প্রতিষ্ঠান। অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যানে শিশু চত্বরে ৬৭ টি প্রতিষ্ঠান স্টল বরাদ্দ পেয়েছে। এর মধ্যে ৩৯ টি প্রতিষ্ঠান এক ইউনিট, ২০ টি প্রতিষ্ঠান দুই ইউনিট, পাঁচটি প্রতিষ্ঠান তিন ইউনিট এবং তিনটি প্রতিষ্ঠান চার ইউনিটের স্টল বরাদ্দ পেয়েছে।
ফেব্রুয়ারি মাস ভাষার মাস, বইয়ের মাসও।নতুন নতুন মানসম্মত বই নিয়ে গ্রন্থমেলা হবে মর্যাদাশীল। আসন্ন বইমেলা নিয়ে শিক্ষার্থীরা যা বলেছেন-
‘বইমেলা বাঙালির কাছে সবসময়ই একটা উৎসব। সারাবছর এ বইমেলার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি। প্রিয় লেখকদের নতুন নতুন বইয়ের জন্য পর পর কয়েকদিনই বইমেলায় যাওয়া হয়। বই কেনা ছাড়াও বইমেলায় অনেক লেখকরা আসেন তাদের সামনাসামনি দেখা হয় কথা হয় তাই বইপ্রেমিদের জন্য একুশের বইমেলা একটি কাছে প্রাণের উৎসব।’ জানিয়েছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজনাত ছোঁয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী রিথি জানিয়েছে, ‘বই মেলা আমাদের কাছে একটা উৎসবের মতো। পছন্দের লেখকদের নতুন সব বই আসবে। বই মেলায় ঘুরা ফেরার ছলেও বইয়ের কাছাকাছি থাকা যায়। তাই প্রতিবারই বই মেলার অপেক্ষায় থাকি, অবশেষে কাল থেকে শুরু হবে খুবই ভালো লাগছে।’
‘মানুষের অনেক রকমের ক্ষুধা থাকে কিছু মানুষের আবার থাকে বইয়ের ক্ষুধা যেমনটা আমার আছে। নতুন বইয়ের ঘ্রাণ আমাকে বই পড়ার প্রতি অনেক বেশি উৎসাহিত করে। বই মেলা বই পড়ারর আগ্রহ বাড়িয়ে তোলে। অনেক লেখকের বই মেলাতে আসে আমরা ঘুরতে যাওয়ার ছলে অনেক বই সম্পর্কে জানতে পারি। শিশুরা মেলাতে এসে ও বই সম্পর্কে জানতে পারে এতে তাদের মেধার বিকাশ ঘটে।” জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্ন।
