গাজী সানজিদা
আজ ৩ নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের চার জাতীয় নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক, সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে জেলখানায় হত্যা করা হয়। তাদের স্মরণ করেই নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। পরে,বঙ্গবন্ধুর হত্যাকারীরা দেশ থেকে নির্বাসিত হওয়ার পূর্বে কেন্দ্রীয় কারাগারে বন্দী চার জাতীয় নেতাকে হত্যা করে।
জেলহত্যার প্রায় ২৯ বছর পর এর বিচারকার্য শুরু হয়। ২০০৪ সালের ২০শে অক্টোবর তিনজন পলাতক সাবেক সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড, ১২ জন সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
এই চার জাতীয় নেতা মুজিবনগর সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সরকার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে নেতৃত্ব দেয়। সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী, মনসুর আলী অর্থমন্ত্রী এবং এএইচএম কামারুজ্জামান মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণি দিয়েছেন।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন ও অন্যান্য রাজনৈতিক দলগুলো বিস্তৃত কর্মসূচি পালন করছে।