ফাহাদ ইফতেখার:
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ৫৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯,২১৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪,৫৪৮ জনের, যার মধ্যে কোভিড পজিটিভ হয়েছেন ৫,৬৮৩ জন। শনাক্তের হার ছিল ২৩.১৫%। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন। দেশে মোট ২২৭ টি পরীক্ষাগারে কোভিড এর নমুনা সংগ্রহ করা হয়।
গত মাসের শেষের দিক থেকে করোনার দ্বিতীয় ঢেউ এর প্রভাব শুরু হয়েছে বাংলাদেশে। গত ১লা এপ্রিল বাংলাদেশের রেকর্ড সংখ্যক ৬,৪৫৯ জন আক্রান্ত হয়েছেন। একই দিনে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ মৃত্যু হয়েছে ৫৯ জনের।
গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ প্রতিদিন যে সংখ্যক আক্রান্তের সংখ্যা বাড়ছে তা শনাক্তের আগের সকল সর্বোচ্চ সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে।
এদিকে সরকারের পক্ষ থেকে সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে করনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ১৮ দফা নির্দেশনা দেয়।
