জাফর আহমেদ শিমুল
হঠাৎ একদিন হারিয়ে যায় রূপন্তী ও আবিরের সাত বছরের মেয়ে তিয়া। স্বাভাবিকভাবেই নানা জনকে সন্দেহ করতে থাকেন তারা। একটা সময়, এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে ভিডিও ক্লিপস পাঠান অপহরণকারীরা। আবিরের ছোট ভাই নিবিড় সন্দেহ করেন পিৎজা ডেলিভারী বয়কে, কেননা সে প্রায়ই তিয়াকে চকলেট কিনে দিতো।
এদিকে, দাঁড়োয়ান তার ক্যান্সার আক্রান্ত অসুস্থ ছেলেকে এনে রাখেন চিলেকোঠায়। এভাবেই এগিয়ে যেতে থাকে গল্প। তবে, শেষ পর্যন্ত কি রূপন্তী ও আবির তাদের মেয়ে তিয়াকে ফিরে পাবেন? দেখতে চোখ রাখুন মাছরাঙ্গা টেলিভিশনে আজ (২৪ সেপ্টেম্বর) রাত দশটায়।
একক নাটক ‘তিয়া’ রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান। নির্দেশনা দিয়েছেন আবিদ হাসান নির্ঝর।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অপর্ণা ঘোষ, শামীম শান, সৈয়দ মোশারফ, মুনতাহা এ্যামেলিয়া, ইজেল জামান, সোলাইমান রাফি প্রমুখ।
তিয়া নাটকের চিত্রগ্রহণ করেছেন লাভলু হাসান। প্রযোজনা প্রতিষ্ঠান আখড়াইয়ের সার্বিক তত্ত্ববধানে তিয়া নাটকটি নির্মিত হয়েছে।
