সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার নিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে কর্মশালা

ক্যারিয়ার শিক্ষা

মোঃ ওয়াসিমুল বারী সিয়াম

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে পরিবর্তন আসছে সাংবাদিকতা ও গণমাধ্যমের কাজের ধরনেও। সংবাদ তৈরি, তথ্য উপস্থাপন থেকে শুরু করে মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ’সহ বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার। এ প্রযুক্তির ব্যবহারিক দিক ও সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে অনুষ্ঠিত হয়েছে ‘এআই ইন এডভান্স জার্নালিজম এন্ড এএমপি,ওয়ার্কশপ’ শীর্ষক কর্মশালা।

বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত এ কর্মশালায় বিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন এআই প্রশিক্ষক ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর অবিদুর রবিন (রবিন রাফান)।

কর্মশালায় ডিজিটাল সাংবাদিকতা ও কনটেন্ট নির্মাণে এআইয়ের ব্যবহার, নতুন সম্ভাবনা এবং প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষ করে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি আধুনিক এআই টুল ব্যবহার করে কীভাবে দ্রুত ও সহজে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করা যায়, তা হাতে-কলমে দেখানো হয়।

প্রশিক্ষণে টেক্সট থেকে স্ক্রিপ্ট, ছবি, ভিডিও, ভয়েস ও মিউজিক তৈরি এবং পূর্ণাঙ্গ গান তৈরির কৌশল শেখানো হয়। এ ছাড়া ছবি থেকে ভিডিও তৈরি এবং ছবি ও ভিডিওর মান উন্নয়নের বিভিন্ন পদ্ধতিও দেখানো হয়।

প্রশিক্ষক রবিন রাফান বলেন, কনটেন্ট ক্রিয়েশন এখন শুধু শখের বিষয় নয়, এটি কর্মসংস্থানেরও একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এআইয়ের সঠিক ব্যবহার জানা থাকলে কম সময়ে ও কম খরচে মানসম্মত কনটেন্ট তৈরি করা সম্ভব। তাই ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে কনটেন্ট নির্মাতাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো জরুরি।

কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এআইয়ের বিভিন্ন টুলের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জানার পাশাপাশি সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে এসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে ধারণা পান।

উক্ত কর্মশালায় শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষকগণও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *