আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। দিনটি বাঙালি জাতির জন্য গভীর শোক ও বেদনার। একই সঙ্গে জাতির জনককে হত্যার কলঙ্কিত নজির স্থাপনের দিনও। ১৯৭৫ সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য। বাঙালির এই শোকের প্রহরে শিক্ষার্থীদের মতামত জানতে তাদের সাথে কথা বলেছেন সাজনাত ছোঁয়া।
১৫ আগস্ট নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা নাওয়ার জানান, ‘আজ শোকান ১৫ই আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালি জাতির ইতিহাসে বেদনা-বিধুর ও বিভীষিকাময় একটি দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ‘
১৯৭৫ সালের ১৫ ই আগস্ট ছিল বাঙালি জাতির জীবনের একটি কালো অধ্যায়। তাই জাতি এই দিনটি পালন করে শোকের মধ্য দিয়ে। কেননা যিনি জাতির জনক তাঁকেই যদি এভাবে নির্মমভাবে খুন হতে হয় তাহলে এর চেয়ে বড় বেদনার মুহূর্ত ঐ জাতির জন্য আর হয় না। তাই এই দিনটি এ দেশের ১৬ কোটি মানুষ গভীর বেদনার সঙ্গে স্মরণ করে বলে জানিয়েছেন যশোর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুবাইয়া আক্তার।
গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে পড়াশোনা করছেন সুমাইয়া শিফা। বঙ্গবন্ধু স্মরণে তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করে। তাঁর মৃত্যুতে বাঙালি জাতি শোকাহত হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করা ছিল বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়।’
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী তাসনুভা হাসান জাতির পিতাকে স্মরণ করে বলেন,’আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস, বাংলাদেশের রাষ্ট্রপতি, নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যার স্মরণ করে। এটি জাতির ইতিহাস এবং স্বাধীনতার সংগ্রামে তাদের অবদানের প্রতিফলন এবং স্মরণের দিন। এটি জাতির জন্য একটি দুঃখজনক ঘটনা তাই তারা এই নেতাকে শ্রদ্ধা জানায় যিনি দেশের ইতিহাস গঠনে ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানকে সম্মান জানাতে এবং তার মর্মান্তিক ক্ষতির প্রতিফলন ঘটাতে দেশজুড়ে এই দিনটি পালন করা হয়।’
১৫ আগস্ট বাংলাদেশের জনগণের জন্য একটি আবেগঘন দিন। এই দিনে আমরা শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা এবং গর্ব প্রকাশ করি। এই দিনে আমরা তার স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং সংগ্রামে অনুপ্রাণিত হই এবং তার স্বপ্নের মতো একটি মুক্ত, সমৃদ্ধ এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাই। বঙ্গবন্ধু বেঁচে আছেন আমাদের মাঝে, তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে এমনই প্রত্যাশা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজিদা আফরিন লীয়া।
