স্টামফোর্ডে বঙ্গবন্ধুর জীবনী শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শিক্ষা

তানভীর সিদ্দিক টিপু
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্ম’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। করোনা সংক্রমণের কারণে ক্যম্পাস বন্ধ থাকায় বুধবার (২২ সেপ্টেম্বর) অনলাইনে প্লাটফর্ম-এ এই আয়াজন করা হয়।

স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক ভাস্বর বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. ফারাহনাজ ফিরোজ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কমের্র উপর বাংলা এবং ইংরেজিতে প্রায় অর্ধশতাধিক রচনার মধ্যে বাংলা রচনায় চ্যাম্পিয়ন হন ফার্মেসি বিভাগের খাদিজা আক্তার বন্যা। প্রথম রানার-আপ হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আবদুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় রানার আপ একই বিভাগের সাইফুল ইসলাম।

ইংরেজিতে চ্যাম্পিয়ন হলেন ইংরেজি বিভাগের হাসিবুল হাসান। প্রথম রানার-আপ হয়েছেন ফার্মেসি বিভাগের মো. আমিনুল হক এবং দ্বিতীয় রানার আপ একই বিভাগের সামিরা হক সেতু।

বিজয়ীদের পুরস্কার হিসেবে অর্থ ও ক্রেস্ট প্রদান করা হবে। অনলাইনে অনুষ্ঠান হওয়ায় এই পুরস্কার ক্যম্পাস থেকে গ্রহণ করার কথা বলা হয়েছে। যারা আসতে পারবেন না, তাদের অর্থ মোবাইল ব্যাকিং এর মাধ্যমে পৌঁছে দেয়া হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাস্বর বন্দ্যোপাধ্যায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, ‘বঙ্গবন্ধু মানুষকে ভালবাসতেন, দেশকে ভালবাসতেন, মানুষকে মনে রাখতেন। এটা একজন মহান নেতার মহৎ গুণ। বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা প্রয়োজন।’

অনুষ্ঠানের সভাপতি উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন, তার ঐতিহ্যকে ধারণ করার ক্ষমতা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিলে তারা তাদের জীবনে অনেক দূর যেতে পারবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ড. ফারাহনাজ ফিরোজ আয়োজন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে প্রতিযোগীদের লেখনী ও মেধার প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক তপন মাহমুদ। ধন্যবাদ জ্ঞাপন করেন রচনা প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সায়মা আরজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নূর-ই নুসরাত জেরীন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান সুপা সাদিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *