চারদিক২৪ ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়নের নতুন প্রেসিডেন্ট হয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লেন। ইতিহাসে এই প্রথম একজন নারী ইউরোপীয় কমিশনের নতুন প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন।
মঙ্গলবার রাতে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানদের সভায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পদসহ ইউরোপীয় ইউনিয়নের আরও কিছু গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
৬০ বছর বয়সী উরসুলা ভন ডার লেন ২০১০ সাল থেকে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দলের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি নিদারসাক্সেন রাজ্যের পরিবারবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেশায় চিকিৎসক উরসুলা ভন ডার লেন চিকিৎসাবিদ্যায় অভিসন্দর্ভ করাসহ লন্ডন স্কুল অব ইকনোমিকসে রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন।
জার্মানির ক্ষমতাসীন কোয়ালিশন সরকারের বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের কাছের মানুষ বলে পরিচিত তিনি।
