খাদিজা আক্তার মুন্নী
ডাক বিভাগের ডিজিটাল লেনদেন প্রতিষ্ঠান ‘নগদ’ এর মিডিয়া বিভাগের প্রধান কর্মকর্তা সুজন মাহমুদ বলেছেন, ‘সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানেই জনসংযোগ এখন অতি প্রয়োজনীয় বিভাগ। সে বিবেচনায় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য জনসংযোগ একটি সম্ভবনাময় পেশা।’ তবে এর জন্য সাংবাদিকতা পেশায় অভিজ্ঞতা লাভের পরামর্শ দেন তিনি।
গত ২৩ জানুয়ারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৬৩ ও ৬৪ ব্যাচের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘প্রোফেশনাল অরিয়েন্টেশন বক্তৃতায় সুজন মাহমুদ এসব কথা বলেন।
অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, জনসংযোগ কর্মীর প্রধান কাজ হলো মিডিয়া এবং মিডিয়ার কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এটি প্রতিষ্ঠানের ভাল ইমেজ তৈরীতে সহায়ক হয়। সুজন মাহমুদ মনে করেন, কমপক্ষে ৫ থেকে ৬ বছর মিডিয়াতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জনসংযোগ পেশায় কাজ শুরু করলে ভাল করার সুযোগ অনেক বেশি।
একজন দক্ষ জনসংযোগ কর্মী হতে কি কি গুনাবলী থাকা প্রয়োজন? শিক্ষার্থীদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রথমেই তার যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে। তাকে সমসাময়িক বিষয় এবং যেকোনো প্রশ্নে চট করে উত্তর দেয়ার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি তাকে মিডিয়াতে কাজ করার মাধ্যমে সাংবাদিকদের সাথে ভালো নেটওয়ার্ক তৈরী করতে হবে।’
দেশে বহু গণমাধ্যম রয়েছে সেক্ষেত্রে জনসংযোগ কর্মকর্তারা কোন প্রতিষ্ঠানকে গুরুত্ব দেবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেসব মূল ধারার পত্রিকা, অনলাইন এবং টেলিভিশন মানুষদের আস্থাভাজন, তাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে।
সুজন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন। সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। এরপর প্রান-আরএফএলসহ স্বনামধন্য প্রতিষ্ঠানে জনসংযোগ ও মিডিয়া বিভাগে কাজ করেছেন।
শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়। সেমিনারে প্রফেশনাল অরিয়েন্টেশন কোর্সের সমন্বয়ক, বিভাগের সহকারী অধ্যাপক তপন মাহমুদ লিমন উপস্থিত ছিলেন।
