ফাইজুল ইসলাম ফাহিম: বাংলাদেশ পুলিশের এক কনস্টেবল এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে যথাযথ আইনী ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন এক গৃহবধূ। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে তিনি বলেন, যৌতুকের দাবিতে তার স্বামী তাকে নিয়মিত নির্যাতন করে আসছে।
অভিযোগকারী সালমা আক্তার রেনু জানান, তার স্বামী ভাষানটেক থানায় কর্মরত আছে। তার বিরুদ্ধে ভাষানটেক থানায় মামলা করতে গেলে থানার কর্মকর্তারা মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে তিনি সি.এম.এম আদালতে এবং পারিবারিক আদালতে দুইটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে পুলিশের মহা পরিদর্শক বরাবর চিঠি লিখেও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। তার স্বামী তাকে মিথ্যা মামলায় অভিযুক্ত করার হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।
সালমা আক্তার দাবি করেন, বিয়ের তার পুলিশ কনস্টেবল স্বামী তিন লক্ষ টাকা যৌতুক নেয়। গত ২২ই মে আরো পাঁচলক্ষ টাকা দাবি করে। তার পরিবার যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে জহুরুল সালমার উপর অমানবিক নির্যাতন করে।
মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিভাগীয় ব্যাবস্থা গ্রহনসহ আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি করেন সালমা আক্তার।
