রাজধানীতে প্রীতি ম্যাচে আবাহনী সমর্থক দলের জয়

খেলা

নিজস্ব প্রতিবেদক:

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে মোহামেডান সমর্থক দলকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে আবাহনী সমর্থক দল।

আজ বুধবার বেলা ১১টার দিকে ম্যাচটি রাজধানীর শেখ জামাল আবাহনী ক্লাব মাঠে আয়োজিত ম্যাচে জয়সূচক গোলটি করেন আবাহনী সমর্থক দলের অধিনায়ক মাহফুজুল ইসলাম।

ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরার পুরষ্কার পেয়েছন জয়ী দলের গোলরক্ষক নাসিফ শুভ।

খেলা শুরুর পর থেকেই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত আবাহনী-মোহামেডান সমর্থক দুটি দলেই বেশ কয়েকটি গোলের সুযোগ পায়। কিন্তু আবাহনীর শুভ ও মোহামেডানের মন্ময়ের দুর্দান্ত গোল রক্ষণে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে।

দ্বিতীয়ার্ধে নিজেদের শক্তি বাড়ায় আকাশি-হলুদ জার্সিধারীরা। বারবার মোহামেডানের গোলবারে হানা দিতে থাকা আবাহনী সমর্থক দল গোলের দেখা পায় দলনায়ক মাহফুজের দুর্দান্ত শটে।

ম্যাচ শেষে সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার, রুম্মান বিন ওয়ালি সাব্বির ও শফিউল ইসলাম মানিককে বিশেষ সম্মাননা তুলে দেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সামিয়া আসাদি ও তপন মাহমুদ লিমন। এছাড়া এবারের পেশাদার লিগ ফুটবলের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকেও সম্মাননা প্রদান করে স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন- এসইউজেএএ। এসময় ম্যাচটির স্পন্সর সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী এবং বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *