সাংবাদিকতা হল সাগরের মাঝে নৌকা চালানো: মনজুরুল আহসান বুলবুল

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

বিশিষ্ট সাংবাদিক ও টিভি টুডের এডিটর-ইন-চিফ মনজুরুল আহসান বুলবুল বলেছেন, সাংবাদিকতা হল সাগরের মাঝে নৌকা চালানোর মত; চ্যালেঞ্জ থাকবেই। এগুলো অতিক্রম করেই সাংবাদিক ও গণমাধ্যমকে সামনে এগিয়ে যেতে হবে। রবিবার বিকালে (২৬জানুয়ারি) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ‘গ্রামীণ সাংবাদিকতার চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মনজুরুল আহসান বুলবুল আরো বলেন, ‘রিপোর্টারের কোনো সীমা নেই। সবার বিশ্বাস অর্জন করাই সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ এ সময় তিনি সরকার কর্তৃক প্রণীত গণমাধ্যম সংক্রান্ত বিভিন্ন আইনের ও সমালোচনা করেন। বক্তব্যে মোনাজাতউদ্দিনকে স্মরণ করে তাঁর সম্পর্কে স্মৃতি চারণ করেন তিনি।

চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মরণে প্রথমবারের মত মোনাজাতউদ্দিন স্মারক বক্তৃতার আয়োজন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম ও রিডিং ক্লাব জেআরএন বুকবাজ।

অনুষ্ঠানের আলোচক, একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান বলেন, ‘বর্তমানে ঢাকা কেন্দ্রিক সাংবাদিকরা অনেক সুযোগ সুবিধা পেলেও মফস্বল সাংবাদিকরা অবহেলিত। এজন্য গণমাধ্যমের অবকাঠামোগত অনেক পরিবর্তন দরকার বলে মনে করেন তিনি।

উপকূল সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু বলেন, শুধু পড়ালেখার জন্য নয়, সত্যিকার সাংবাদিকতা শিক্ষার জন্য মোনাজাতউদ্দিনকে চর্চা ও ধারণ করা প্রয়োজন।

অনুষ্ঠোনে সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আবদুল মান্নান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন,  স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কনভেনর সহকারী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন,  কো-কনভেনর সহকারী অধ্যাপক সৈয়দা আখতার জাহান ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি ছাইফুল ইসলাম মাছুম বক্তব্য রাখেন। সাংবাদিক মোনাজাতউদ্দিনের জীবন ও কর্ম তুলে ধরেন জেআরএন বুকবাজের সংগঠক কাশফিয়া আলম ঝিলিক।

এছাড়াও অনুষ্ঠানে সহকারী অধ্যাপক সামিয়া আসাদী, দিলশাদ হোসেন দোদুল, প্রভাষক নওশীন জাহান ইতি, সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান হৃদয়, কোষাধ্যক্ষ হাসান ওয়ালীসহ অন্যান্য সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *