চারদিক২৪ ডেস্ক:
পারস্য উপসাগরে ব্রিটেনের দুটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরানের রেভ্যুলেশনারী গার্ড(আইআরসি) । ইরানের সংবাদ সংস্থা জানায় জাহাজ দুটি আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করায় তারা ট্যাংকার দুটি আটক করে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরিমি হান্ট এর তীব্র নিন্দ জানিয়ে ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, ইরান বিপজ্জনক পথ নিয়েছে এবং ব্যাপারটা দ্রুত নিষ্পত্তি না হলে ইরানের জন্য তা ভয়াবহ পরিণতি নিয়ে আসবে। তবে তিনি এও বলেছেন, ব্রিটেন ইরানের বিরুদ্ধে কোন সামরিক পদক্ষেপ নেবে না, কূটনৈতিক পথেই সমাধানের চেষ্টা করা হবে।
ট্যাংকার আটকের ঘটনার পর বিষয়টি নিয়ে আলোচনার জন্য যুক্তরাজ্যের মন্ত্রীসভা দু’বার জরুরি বৈঠক করেছেন। ব্রিটিশ মন্ত্রীসভার এক মুখপাত্র বিবিসিকে জানান, ব্রিটিশ সরকার ইরানের এমন অগ্রহণযোগ্য কর্মকান্ডে গভীরভাবে উদ্বিগ্ন। এর মাধ্যমে ইরান আন্তর্জাতিক সমু্দ্রপথে কার্যক্রম চালানোর স্বাধীনতাকে চ্যালেন্ঞ্জ করেছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হরমুজ প্রদেশের বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার অনুরোধে স্টেনা ইমরো নামের একটি ট্যাংকার আটক করা হয়েছে। ট্যাংকটি উপকূলে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। এটিতে তল্লাশি চালানো হবে।আর ট্যাংকারটিতে থাকা ২৩ ক্রু অক্ষত আছে।
এর আগে গত ৪ জুলাই যুক্তরাজ্য নিয়ন্ত্রিত জিব্রাল্টার প্রণালী থেকে ইরানি তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-ওয়ান আটক করে যুক্তরাজ্যের রয়্যাল নৌবাহিনী।এরই প্রতিশোধ হিসেবে ব্রিটিশ ট্যাংকার আটক করা হয়েছে বলে মনে করে বিশ্লেষকরা।
