রাহাত আহমেদ-
ঘরোয়া ক্রিকেটে,বিশেষত বিপিএলে,এখন সম্ভবত সবচেয়ে উত্তেজনাময় মুহূর্ত, সাকিব-তামিমের মুখোমুখি লড়াই।
হাইভোল্টেজ ম্যাচে রংপুরের বিরুদ্ধে বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক তামিম ইকবাল।১৯ বলে নিজের রান ৩৩। ৪ ওভারে দলীয় রান ৩৮। পঞ্চম ওভারে বোলিংয়ে এলেন সাকিব, তামিমের বিরুদ্ধে বোলিং এন্ডে সাকিব দাঁড়ানো মাত্রই স্টেডিয়াম ভরা দর্শকের কণ্ঠ-সমর্থন কেবল ফাইনাল ম্যাচের সাথেই তুলনীয়। অবশেষে সাকিব বল শূন্যে ছুড়লেন,ধীরগতিতে মাটিতে পড়া বলটা যেন খানিক থেমে ব্যাটার তামিমের কাছে পৌঁছনোর আগের ওভারেই স্পিনার মাহেদীকে ছয় আর চার মারা তামিম সেই মোমেন্টামেই ব্যাকফুটে গিয়ে বলটাকে সীমানাছাড়া করতে চাইলেন। বোলারের বুদ্ধিমত্তায় হোক কিংবা অদৃশ্য অন্তঃচাপ, তামিম সাধারণ দেখতে ডেলিভারিটায় টাইমিংয়ে গড়বড় করে ফেললেন, বল শূন্য গগনে; বলের পেছনে ছুড়লেন সাকিব; গল্পের নাটকীয়তা পূর্ণ না করতে গিয়ে মুমিনুল সাকিবকে থামালেন-এই ক্যাচটা আমার।বল সযত্নে তালুবন্দী হলো।
এবারের যুদ্ধটা সাকিব ই জিতলেন, পরেরবারের জয়টা তামিমের জন্যই না হয় তোলা রইলো।
কয়েক সেকেন্ডে ঘটে যাওয়া মুহূর্তের আবেদন বাংলাদেশি ক্রিকেট-সমর্থকদের কাছে আইপিএলের যে কোনো শ্বাসরুদ্ধকর ম্যাচের চেয়েও যেন অনেক অনেক বেশি।।
