সবুজের মাঝে শিশুদের আনন্দের ঠিকানা রমনা পার্কের শিশু চত্বর

ফিচার

মুহাম্মদ ইফতেখার নেওয়াজ বিজয়

 

রাজধানী ঢাকার ব্যস্ততা, যানজট আর ইট-কংক্রিটের শহুরে জীবনে শিশুদের জন্য খোলা মাঠ ও নির্মল পরিবেশ ক্রমেই সীমিত হয়ে আসছে। চারপাশে উঁচু ভবন আর যানবাহনের ভিড়ে শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগও কমছে। এমন বাস্তবতায় নগরজীবনের কোলাহল থেকে কিছুটা স্বস্তি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজধানীর ঐতিহ্যবাহী রমনা পার্কের শিশু চত্বর।

শাহবাগ ও মৎস্য ভবনসংলগ্ন প্রায় ৬৮ একর আয়তনের রমনা পার্ক রাজধানীর অন্যতম প্রধান উন্মুক্ত বিনোদনকেন্দ্র। প্রতিদিনই এখানে আসেন নানা বয়সী মানুষ। কেউ আসেন হাঁটতে, কেউ শরীরচর্চা করতে, আবার কেউ পরিবার নিয়ে কাটাতে চান কিছুটা নির্ভার সময়। তবে পার্কের উত্তর-পশ্চিম অংশে শিশুদের জন্য গড়ে তোলা শিশু চত্বরটি যেন ছোটদের কাছে আনন্দের আলাদা এক জগৎ।

শিশু চত্বরে প্রবেশ করতেই চোখে পড়ে ছোটাছুটি আর খেলাধুলায় মেতে থাকা শিশুদের। কেউ দোলনায় দুলছে, কেউ বিভিন্ন রাইডে চড়ছে, আবার কেউ বন্ধুদের সঙ্গে খেলায় ব্যস্ত। অভিভাবকদের অনেকেই শিশুদের হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন। চারপাশের সবুজ গাছপালা ও খোলামেলা পরিবেশ শিশুদের জন্য তৈরি করেছে স্বস্তিদায়ক আবহ।

বর্তমান সময়ে শিশুদের বড় একটি অংশের অবসর কাটে মুঠোফোন, টেলিভিশন কিংবা বিভিন্ন ডিজিটাল মাধ্যমে। ফলে শারীরিক খেলাধুলা ও প্রকৃতির সঙ্গে সময় কাটানোর সুযোগ অনেকেরই কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে শিশু চত্বর হতে পারে তাদের জন্য বাস্তব পরিবেশে খেলাধুলা ও আনন্দের একটি বিকল্প জায়গা। এখানে সমবয়সীদের সঙ্গে মেলামেশার পাশাপাশি শিশুদের শারীরিক সক্রিয়তা ও সামাজিক দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়।

শিশুদের আনন্দের পাশাপাশি অভিভাবকদের জন্যও জায়গাটি গুরুত্বপূর্ণ। কর্মব্যস্ত নগরজীবনে সন্তানদের নিয়ে কিছুটা সময় কাটানোর সুযোগ পান তাঁরা। সবুজ পরিবেশে শিশুদের খেলাধুলা করতে দেখে স্বস্তি পান অভিভাবকেরা। বিশেষ করে যেসব পরিবারের বাসার আশপাশে পর্যাপ্ত খেলার মাঠ নেই, তাদের কাছে এমন উন্মুক্ত বিনোদনকেন্দ্রের গুরুত্ব আরও বেশি।

অভিভাবকদের মতে, রমনা পার্কটিকে শিশুদের জন্য আরও উপযোগী করে তুলতে সংশ্লিষ্টদের আরও গুরুত্ব দেওয়া দরকার।এখানে শিশুদের জন্য নিরাপত্তা জোরদার ও পার্কের পরিবেশ আরও সুন্দর করা হয়।শিশুদের জন্য এই গুরুত্বপূর্ণ স্থানকে আরও কার্যকর ও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজন নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের দাবী তাদের। শিশুদের ব্যবহারের উপযোগী রাইডগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখা জরুরি। পাশাপাশি শিশুদের নিরাপদ খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা ও কর্তৃপক্ষের নজরদারিও প্রয়োজন।

একটি শহর কতটা বাসযোগ্য, তা শুধু তার সড়ক, ভবন কিংবা আধুনিক স্থাপনা দিয়ে বিচার করা যায় না। শিশুদের জন্য কতটা নিরাপদ ও আনন্দময় পরিবেশ রয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ। রমনা পার্কের শিশু চত্বর সেই প্রয়োজন পূরণে ভূমিকা রাখতে পারে। যথাযথ পরিকল্পনা, সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে জায়গাটিকে আরও শিশুবান্ধব করে তোলা সম্ভব।

শিশুদের হাসি, ছোটাছুটি আর খেলাধুলায় মুখরিত এই চত্বর শুধু বিনোদনের জায়গা নয়; এটি নগরজীবনে শৈশবকে একটু মুক্ত করে দেওয়ার একটি সুযোগ। ব্যস্ত ঢাকার বুকে এমন সবুজ ও উন্মুক্ত জায়গার পরিসর বাড়ানোই পারে আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তোলার অন্যতম পথ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *