আড়ংয়ের উত্তরা শাখাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ কর্তৃপক্ষের উপপরিচালক পদ থেকে বদলি করে তাকে সড়ক ও জনপথ অধিদপ্তর, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে।
সোমবার দুপুরে আড়ংয়ের উত্তরা শাখায় অভিযান চালিয়ে ছয় দিনের ব্যবধানে একই পণ্যের দাম প্রায় দ্বিগুণ রাখায় ওই জরিমানা করেন মঞ্জুর শাহরিয়ার। একইসঙ্গে আড়ংয়ের শাখাটিকে ২৪ ঘণ্টা বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি। পরে আড়ং ভুল স্বীকার করে এ বিষয়ে ব্যবস্থা নিলে রাত সাড়ে ৮টার দিকেই খুলে দেওয়া হয় আড়ংয়ের শাখাটি।
ঠিক এদিনই পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে মঞ্জুর শাহরিয়ারকে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, উপসচিব পদমর্যাদায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ঢাকার উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর, খুলনা জোনে ন্যস্ত করা হলো। আগামী ১৩ জুন তাকে বদলি করা কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা যেতে পারে। নতুন কর্মস্থলে যোগ না দিলে ১৩ জুন বিকেলে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
এর আগে, সোমবার দুপুরে এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে আড়ংয়ের উত্তরা শাখায় অভিযানে নেতৃত্ব দেন মঞ্জুর শাহরিয়ার। মোহাম্মদ ইব্রাহিম নামে ওই ক্রেতার অভিযোগ, গত ২৫ মে তিনি আড়ংয়ের উত্তরা শাখা থেকে ৭১৩ টাকায় একটি পাঞ্জাবি কিনেছিলেন। ছয় দিন পর ৩১ মে ওই একই পাঞ্জাবি কিনতে গিয়ে দেখেন, সেটির দাম ১৩০৫ টাকা। বেশি দামেই পাঞ্জাবিটি কিনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন তিনি।
