প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২

বাংলাদেশ

ঐশ্বর্য্য ইকাঃ

জাতীয় প্রেস ক্লাবের সামনে খবর সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন মানবজমিন ডিজিটালের রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ ও দৈনিক ইত্তেফাকের রিপোর্টার হাসিব পান্থ। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

হামলায় আহত সাংবাদিকরা হলেন- ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার হাসিব প্রান্থ ও মানবজমিনের মাল্টিমিডিয়া আব্দুল্লা আল মারুফ। এসময় হামলাকারীরা তাদের তিনটি মোবাইলফোন ও মাইক্রোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ হামলার শিকার সাংবাদিকদের।

হামলায় শিকার মানবজমিনে প্রতিবেদক আব্দুল্লা আল মারুফ বলেন, প্রেস ক্লাব এলাকায় আমরা নিউজ কাভার করতে আসি। এসময় ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডারদের একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা মানববন্ধনের নিউজ কাভার করার জন্য দাঁড়ালে মুহূর্তে কয়েকশো ছেলেরা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা শুরু করে। আমরা সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও আমাদের ওপর অতর্কিত হামলা করে। এসময় তারা আমার দুটি মোবাইলফোন, মানিব্যাগ, আইডি কার্ড ও সঙ্গে থাকা আরেকটি ব্যাগ নিয়ে যায়।

ইত্তেফাকের প্রতিবেদক হাসিব প্রান্থ বলেন, আমার আইফোন ইলেভেন প্রো, মানিব্যাগের ১০ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশের সামনে এই হামলার ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকা পালন করে।

ছাত্রলীগের একটা মিছিলের নেতৃত্ব দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ। হামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যদি আমাদের কেউ এই হামলার সাথে জড়িত থাকে বা আমাদের নাম ভাঙ্গিয়ে কোন হামলা চালিয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *