মোঃ সাবিবর হোসেন:
করোনা অতিমারীর কারণে বাতিল হওয়া ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল্যায়নভিত্তিক স্কোর ও সিজিপিএ শনিবার (৩০ জানুয়ারি) প্রকাশ করা হবে। সকাল সাড়ে দশটায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই ফল ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত থাকবেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। এদের মধ্যে নিয়মিত ১০ লাখ ৭৯ হাজার ১৭১ জন। অনিয়মিত ২ লাখ ৬৬ হাজার ৫০১ জন। অনিয়মিতদের মধ্যে এক বিষয়ে ফেল করা ১৬ হাজার ৯২ জন, ২ বিষয়ে ফেল করা ৫৪ হাজার ২২৪ জন, সব বিষয়ে ফেল করা ৫১ হাজার ৩৪৮ জন, মানোন্নয়ন ১৬ হাজার ৭২৭ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩ হাজার ৩৯০ জন। এবারের নিয়ম অনুযায়ী সকলেই পাস করবেন।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারিতে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যঝুঁকির বিবেচনায়, গত বছরের অক্টোবর মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২০ বাতিল করে, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবারের এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় সরকার।
