আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

খেলা

ক্রীড়া প্রতিবেদক: 

আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। খেলার ১৯ মিনিটে জেসুস ও ৭১ মিনিটে করা ফিরমিনোর গোলে সহজ জয় পায় স্বাগতিকরা।

আগামীকাল  বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় দ্বিতীয়ে সেমিফাইনালে মুখোমুখি হবে চিলি ও পেরু। জয়ী দল আগামী সোমবার ফাইনালে লড়বে ব্রাজিলের সাথে।

বাংলাদেশ সময় আজ বুধবার সকাল সাড়ে ছয়টায় বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরাওতে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ব্রাজিল। প্রথমার্ধের ১৯ মিনিটে ফিরমিনোর লো ক্রস থেকে জালে বল জড়ান গাব্রিয়েল জেসুস।

ব্রাজিলের প্রথম গোল উদযাপন, ছবি: রয়টার্স

প্রথমার্ধের ৩০ মিনিটের দিকে সমতা ফেরানোর সুযোগটি মাথাছাড়া করেন সের্হিয়ো আগুয়েরো। মেসির ফ্রি কিক থেকে  করা হেড ফিরে আসে ক্রস বারে লেগে। আর দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে সমতা পৌঁছানোর সম্ভাবনাময় প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন ব্রাজিল গোলকিপার আলিসন।

মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ফা্ইনালের রাস্তা আরো প্রশস্ত করেন ফিরমিনো। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে জেসুসের বানানো বলে ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রবের্তো ফিরমিনো।

২০০৭ সালের পর কোনও টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ব্রাজিল। তাই দু’দলের সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উত্তেজনা।

কোপা আমেরিকার নকআউট পর্বে এ নিয়ে পাঁচবারের লড়াইয়ে প্রতিবার ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা। ১৯৯১ সালে সবশেষ কোপায় ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *