নিজস্ব প্রতিবেদক:
ইউরেনিয়াম সমৃদ্ধি করার সীমা অতিক্রম করার বিষয়ে ইরানের কাছ থেকে ঘোষণা আসার পর তেহরানকে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তারা (ইরান) জানে, তারা কী করছে। তারা জানে, তা কী নিয়ে খেলছে। আমি মনে করি, তারা আগুন নিয়ে খেলছে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, তারা মে মাসে ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ৩০০ কেজি ইউরেনিয়াম মজুতের সীমা অতিক্রম করে গেছে। এই কাজ করার মধ্য দিয়ে ইরান ভুল কিছু করেনি।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও (আইএইএ) গতকাল জানায়, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি অনুযায়ী যে পরিমাণ ইউরেনিয়ামের মজুত থকার কথা ইরানের, তা ইতিমধ্যে অতিক্রম করে গেছে দেশটি।
তেহরানের কাছ থেকে ইউরেনিয়াম মজুতের সীমা অতিক্রমের ঘোষণা আসার পর জাতিসংঘ বলেছে, পরমাণু চুক্তি অনুযায়ী ইরানকে তার অঙ্গীকারের ব্যাপারে অটল থাকা উচিত।
