ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি খাতে এডিবি’র বিনিয়োগ বন্ধের দাবি

বাংলাদেশ

মোস্তাছিম বিল্লাহ অপু:
পরিবেশের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর বিনিয়োগ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডাব্লুজিইডি) ও আইএসডিই বাংলাদেশ। সেই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগ বাড়ানোর দাবিও তোলেন তারা। শুক্রবার (৩০ এপ্রিল) চট্টগ্রামের চান্দগাঁওয়ে এসব দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের জ্বালানী খাতে এশীয় উন্নয়ন ব্যাংক এর বিনিয়োগ শুধু দেশকে দেনায় জর্জরিত করছে না, বরং পরিবেশ ও জলবায়ুর মারাত্মক ক্ষতিসাধন করছে। তাদরে মতে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এডিবি বাংলাদেশের জ্বালানি খাতে প্রায় ৬.১৩ বিলিয়ন ডলার বা প্রায় ৫২ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে, যার ৯৮ ভাগই জীবাশ্ম জ্বালানি খাতে। বিগত ১০ বছরে, সবমিলিয়ে ৯,৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১২টি বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করেছে এডিবি, যা প্রতিবছর গড়ে ১৯.৩ মিলিয়ন টন কার্বন নির্গমনের জন্য দায়ী।

বক্তারা আরো বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি’র অর্থায়নে বাস্তবায়িত বেশিরভাগ প্রকল্পে স্থানীয় পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। অনৈতিকভাবে জমিদখল, ন্যায্য ক্ষতিপূরণ না দেয়া, সাধারণ মানুষকে হয়রানি এবং বৈশ্বিক জলবায়ু সমস্যাকে গুরুত্ব না দিয়েই এডিবি’র বিনিয়োগে বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প চলছে বলে দাবি করেন তারা।

মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন। ইশিকা ফাউন্ডেশনের জহুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ক্যাব বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, দক্ষিন জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, কলামিস্ট মোহাম্মদ মুসা খান, উত্তর জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সেলিম সাজ্জাদ, জেলা স্কাউটস এর সহ-সভাপতি অধ্যাপক শাহনেওয়াজ আলী মির্জা, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মুহাম্মদ জানে আলম, প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী জসিমুল হক, শিশু বিশেষজ্ঞ ডাঃ নাজমুস সাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান, জাতীয় আবৃতি শিল্পি মেজবাহ চৌধুরী, কৃষিবিদ আরিফুল ইসলাম, সিএসডিএফ’র শাহীন আকতার ও আইএসডিই’র আরিফুল ইসলাম সহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *