নিঃশর্ত আলোচনার মার্কিন প্রস্তাবে রুহানির শর্ত

আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছেন সেখানেও শর্ত জুড়ে দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, যে দেশটি চুক্তি লঙ্ঘন করে আলোচনার টেবিল ছেড়ে চলে গেছে তাকে আগে স্বাভাবিক আচরণ করতে হবে।

তিনি রোববার রাতে তেহরানে ইরানের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার জন্য এ শর্ত আরোপ করেছেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, যুক্তরাষ্ট্র যতদিন একথা উপলব্ধি না করবে যে, সে ভুল পথে পা বাড়িয়েছে ততদিন ওয়াশিংটনের সঙ্গে কোনো কথা বলবে না তেহরান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর আগে ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য তেহরানকে ১২টি শর্ত দিয়েছিলেন । কিন্তু রোববার তিনি সুইজারল্যান্ড সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সাংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে রাজি আছি। আমরা শুধু আলোচনা চাই।’

সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বেশ কয়েকবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি গত সপ্তাহে জাপান সফরে গিয়ে স্বাগতিক দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘যদি ইরানিরা আলোচনা করতে ইচ্ছুক হয় তাহলে আলোচনার ব্যাপারে আমাদেরও আগ্রহ আছে।’

তবে এ ধরনের প্রস্তাবকে ধোঁকাবাজি বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজম খামেনি। তিনি গত বুধবারে তেহরানে গণ্যমান্য ব্যক্তিদের এক সমাবেশে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি নিয়েছে তারই অংশ হিসেবে আলোচনায় বসতে চায় ওয়াশিংটন। ইরান কোনো অবস্থাতেই আমেরিকার সঙ্গে আলোচনায় বসবে না।

তিনি আরো বলেন, আমরা আগেও বলেছি, আমেরিকার সঙ্গে আলোচনায় কোনো লাভ নেই বরং এতে তেহরানের মারাত্মক ক্ষতি হবে।

সূত্র: পার্স টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *