চারদিক২৪ ডেস্কঃ
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু।
নির্বাচনের তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন আজ রবিবার (১২ ফেব্রুয়ারি)।সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে নির্বাচন কর্মকর্তার (সিইসি) দফতরে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। দুপুরে একমাত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর পক্ষেই মনোনয়নপত্র জমা দিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তফসিল অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ কমপ্লেক্সে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে যেহেতু আর কোনও প্রার্থী নেই, তাই ভোট প্রয়োজন হবে না। এখন আনুষ্ঠানিক ঘোষণা করা শুধু বাকি। সেক্ষেত্রে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সাহাবুদ্দিন চুপ্পু। আর একাধিক প্রার্থী থাকলে তফসিল অনুযায়ী সংসদের অধিবেশন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে।
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরাই। সেক্ষেত্রেও জাতীয় সংসদের ৩৫০টি আসনের সংসদে আওয়ামী লীগের সদস্য সংখ্যা এখন ৩০৫। তাই নিশ্চিতভাবে বলাই যায়, টানা দুইবারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পর বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিনই।
পেশায় আইনজীবী সাহাবুদ্দিন চুপ্পুর বাড়ি পাবনায়। রাষ্ট্রপতি পদে জমা দেওয়া মনোনয়নপত্রের তথ্য অনুযায়ী, তার হোল্ডিং নম্বর ৮৮/১, শিবরামপুর, সদর, পাবনা। ঢাকায় তিনি থাকেন গুলশানে। তিনি ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। সরকারি চাকরি থেকে অবসরের পর ২০১১ সালের ১৪ মার্চ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব পালন করেন।
সাহাবুদ্দিন চুপ্পু ১৯৯৫ সালে পর পর দুইবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন। পেশাগত জীবনে প্রথম দিকে সাংবাদিকতাও করেছেন। তিনি পাবনা প্রেসক্লাব ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির জীবন-সদস্য।
