সংবিধান দিবস আজ

বাংলাদেশ

সাজিয়া আফরিন সৃষ্টি
আজ ৪ নভেম্বর। বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং একই বছর ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠিত হয় সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে। সেই বছরের ১৭ এপ্রিল থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কমিটি বিভিন্ন পর্যায়ে বৈঠক করে এবং জনগণের মতামত সংগ্রহের আহবান করে। সংগৃহীত মতামত থেকে ৯৮ টি সুপারিশ গ্রহণ করা হয় এবং ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন খসড়া সংবিধান বিল হিসেবে উত্থাপন করেন।

গণপরিষদে সংবিধানের ওপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এই সংবিধান সমগ্র জনগণের আশা -আকাঙ্খার মূল প্রতীক হয়ে বেঁচে থাকবে।’

মূল সংবিধানটি ইংরেজি ভাষায় রচিত হলেও এটিকে বাংলাতেও অনুবাদ করা হয় এবং এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে বাংলা ও ইংরেজি ভাষার মধ্যে কোনো অর্থগত বিরোধ দেখা দিলে বাংলা রূপটিই অনুসরণীয় হবে।

বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন। এতে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের মূল চরিত্রের বর্ণনা ও বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা ধারণ করা হয়েছে। বাংলাদেশের সংবিধান মোট ১৭ বার সংশোধন করা হয়েছে।

ছবি ক্রেডিট: বাংলাদেশ অবজারভার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *