আবির হাসান:
অনেকটা চমকে দেয়াই বলা যায়। এক বছর মাঠের বাইরে থেকেও ফিটনেস পরীক্ষায় সবাইকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। তাই অন্যরা যখন ফিট, তখন ফিটেস্ট এর তকমাটা বাগিয়ে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আসছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট অংশগ্রহন নিশ্চিত করতে ফিটনেস পরীক্ষার পাস মার্ক ছিল ১১ নম্বর। যারা এর কম পেয়েছেন তারা টুর্নামেন্ট খেলার ছাড়পত্র পাবেন না।
সোম ও মঙ্গলবারের ফিটনেস পরীক্ষায় ১৩.৬ স্কোর নিয়ে সবার উপরে ছিলেন পেসার মেহেদী হাসান। কিন্তু বুধবার সকালে ফিটনেস পরীক্ষায় অংশ নিয় তাকেও টপকালেন সাকিব আল হাসান। তার স্কোর ১৩.৭।
সাকিবের বিপ টেস্ট নিয়েছেন হাইপারফরম্যান্স ইউনিট ও জাতীয় ক্রিকেট দলের ট্রেনার নিক লি। পরীক্ষা শেষে সাকিবকে নিয়ে সন্তুষ্ট লি বললেন, ‘সবকিছুই ঠিকঠাক ছিল। একদম ঠিক ছিল।’
ফিটনেস পরীক্ষায় ১৩.৪ স্কোর করে এখন তৃতীয় অবস্থানে ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামান। এছাড়া, ভাল করেছেন রায়হান উদ্দিন (১৩.২) রবিউল ইসলাম ও পিনাক ঘোষ (১৩)।
এই টেস্টে পাশ করতে পারেননি জাতীয় দলের খেলোয়াড় নাসির হোসেন, শুভাশীষ রায়, সোহাগ গাজী। বিপ টেস্টে নাসির পেয়েছেন সর্বনিম্ন স্কোর ৮.৫। তবে, আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস ১১-এর ওপর স্কোর নিয়ে উতরে গেছেন এই টেস্ট।
ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধর পর বেশিরভাগ সময় স্ত্রী ও মেয়ের সাথে যুক্তরাষ্ট্রেই ছিলেন সাকিব। ভুল স্বীকার করায় এক বছরের শাস্তি স্থগিত রাখা হয়।