অবশেষে জয়ের বন্দরে বাইডেন-কমলা

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক:
রুদ্ধশ্বাস অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। আর আমেরিকা প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে পাচ্ছেন কমলা হ্যারিসকে। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম ইতোমধ্যে এ খবর প্রকাশ করেছে। সবশেষ, পেনসিলভানিয়ায় জয়ের মাধ্যমে ২০টি ইলেক্টোরাল ভোট জিতে বাইডেন ছাড়িয়ে গেছেন ম্যাজিক ফিগার ২৭০।

এই জয়ে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ইতিহাস গড়লেন বাইডেন। এর আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পাওয়ার ইতিহাসও সৃষ্টি করেন ৭৭ বছর বয়সী এই ডেমোক্র্যাট।

নির্বাচনের ফল জানতে যেসব রাজ্যের দিকে সবার দৃষ্টি ছিল, তার একটি পেনসিলভানিয়া। সেখানে প্রায় ৩৪ হাজারেরও বেশি পপুলার ভোটের ব্যবধানে জয়ী হন বাইডেন। ফলে, এর আগে, ২৫৩ ইলেকটোরাল কলেজের ভোট পাওয়া বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩–এ। বাকি পাঁচটি অঙ্গরাজ্যে ট্রাম্প জয় পেলেও তাঁর ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াবে ২৬৫।

পুরো নাম জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র, জো বাইডেন হিসেবে পরিচিত। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দুই মেয়াদে কাজ করেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে। ১৯৭৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডেলাওয়ার থেকে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বাইডেনের জন্ম ১৯৪২ সালের ২০ নভেম্বর পেনসিলভানিয়ার স্ক্রানটনে। স্ক্রানটন, নিউ ক্যাসল কাউন্টি ও ডেলাওয়ারে তাঁর বেড়ে ওঠা। চার ভাইবোনের মধ্যে সবার বড় তিনি।

সিরাকিউজ ইউনিভার্সিটিতে পড়ার সময় বাইডেন ১৯৬৬ সালের নিলিয়া হান্টারকে বিয়ে করেন। তাঁদের ঘরে তিন সন্তান রয়েছেন—জোসেফ আর ‘বিউ’ বাইডেন, রবার্ট হান্টার ও নাওমি ক্রিস্টিনা।

১৯৭০ সালে ডেলাওয়ারের নিউ ক্যাসল কাউন্টির কাউন্সিলম্যান নির্বাচিত হন জো বাইডেন। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ৩০ বছর বয়সের মধ্যেই যুক্তরাষ্ট্রের সিনেটর হওয়ার স্বপ্ন পূরণ হয় তাঁর। ১৯৭২ সালের নভেম্বরে তৎকালীন জনপ্রিয় রিপাবলিকান সিনেটর স্যালেব বগসের বিপক্ষে ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হন তিনি। তারপর নাম লেখান ইতিহাসে। মাত্র ৩০ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী পঞ্চম সিনেটর নির্বাচিত হন।’ ৭৩ থেকে টানা ২০০৯ সাল পর্যন্ত সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *