আসিফ নেওয়াজ:
সব ভেদাভেদ ভুলে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হবার ডাক দিলেন আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। তিনি তার বিজয়ী ভাষণে বলেন, ‘আমি এমন একজন প্রেসিডেন্ট হতে চাই, যে কোন লাল-নীল রাজ্য আলাদা করবে না, তার চোখে কেবল যুক্তরাষ্ট্র।’
যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের নিজ শহর উইলমিংটনে জাতির উদ্দেশে ভাষণ দেন বাইডেন। বাংলাদেশ সময় রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে ভাষণ শুরু করেন বাইডেন। খবর সিএনএনের।
ভাষণের শুরুতেই বাইডেন আমেরিকার জনগণকে ধন্যবাদ জানান, যারা তাকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশী ভোট (৭৪ মিলিয়ন) দিয়ে বিজয়ী করেছেন।
এরপর মার্কিন ইতিহাসের প্রথম মহিলা ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে অভিনন্দন জানান বাইডেন।
কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে বিশেষ ধন্যবাদ দিয়ে তিনি বলেন, “তোমরা যেভাবে আমার পাশে ছিলে, ঠিক তেমনি আমিও তোমাদের পাশে থাকবো” ।
মধ্যবিত্তদের দেশের মেরুদন্ড হিসেবে উল্লেখ করে জো বাইডেন বলেন, তাদের পুনর্গঠন করতে হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনকারীদের হতাশা বুঝতে পারছেন বাইডেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন সময় এসেছে একে-অপরকে সুযোগ দেবার। সকল বাকবিতণ্ডা ভুলে গিয়ে পরস্পরকে শ্ত্রু না ভেবে যুক্তরাষ্ট্রের উন্নয়নে সকলকে একত্রিত হবার আহ্বান জানান এই নব-নির্বাচিত প্রেসিডেন্ট।
বৈশ্বিক মহামারি কোভিড ১৯ মোকাবেলায় বিজ্ঞানীদের সমন্বয়ে একটি দল গঠন করে কাজ করার ঘোষণা দেন বা্নইডেন। আগামী সোমবার (৯ নভেম্বর) এ নিয়ে পরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানান তিনি। এছাড়াও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার গুরুত্ব উল্লেখ করেন বাইডেন।
আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট জানান, তিনি পুনরায় বিশ্বের কাছে তাদের সম্মান ফিরে পেতে চান এবং সকলকে এই যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করতে চান।
তিনি ভোটার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মী, তার প্রচারণায় যারা কাজ করেছেন ও নিজের পরিবারকে ধন্যবাদ জানান।
জো বাইডেনের পুরো বক্তব্য পড়তে ক্লিক করতে পারেন এই লিংকে: https://edition.cnn.com/2020/11/07/politics/joe-biden-president-elect-remarks/index.html
